
আগের দুই ম্যাচে উদ্যাপনটা ছিল পরিমিত, সিরিজ জয়ই যে লক্ষ্য ছিল বাংলাদেশের। আজ সেটি হলো বাঁধভাঙা। মাহমুদউল্লাহ বা সাকিব আল হাসানের উদ্যাপনের ধরনই বলে দিচ্ছিল মুহূর্তটার কী গুরুত্ব বাংলাদেশ ক্রিকেটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের উল্লাসটা তো অমন হবেই!
তবে কাজটা সহজ ছিল না বাংলাদেশের। ১২৭ রানের সম্বল নিয়েই আটকে দিতে হতো অস্ট্রেলিয়াকে। বোলিংয়ে নামার আগে দলের সবার উদ্দেশে সাকিব আল হাসানকে কথা বলতে বলেছিলেন মাহমুদউল্লাহ। সাকিব যা বলেছিলেন, শেষ পর্যন্ত দলের জন্য কাজে এসেছে সেটিই।
উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না মোটেও। বিশেষ করে নতুন ব্যাটসম্যানের শট খেলা ছিল বেশ কঠিন। সাকিব ফিল্ডিংয়ে নামার আগে কী বলেছিলেন, জানিয়েছেন মাহমুদউল্লাহ, ‘আমরা যখন মাঠে নামছিলাম বোলিংয়ের সময়, আমি চেয়েছিলাম সাকিব যাতে সবার সঙ্গে কথা বলে। সাকিব বলেছিল, যাই হোক না কেন, আমাদের সাহস নিয়ে বোলিং করতে হবে। দ্রুত উইকেট নিতে হবে। চাপ বাড়াতে হবে। রান রেটটা ৮-৯ রানে নিয়ে যেতে চেয়েছিলাম। তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে।’
বাংলাদেশ শুরুতে ব্রেক থ্রু পেয়েছে এদিন। এরপর মিচেল মার্শ ও বেন ম্যাকডারমটের জুটি বড় হলেও রান আর বলের ব্যবধান বেড়েছে ধীরে ধীরে। আর শেষে তো ডেথ ওভারে এসে মোস্তাফিজুর রহমান করেছেন অবিশ্বাস্য বোলিং।
মাহমুদউল্লাহ বোলারদের শুধু প্রশংসাই করলেন আজ, ‘শেষ পর্যন্ত মোস্তাফিজ আরেকবার কাজের কাজটা করে দিয়েছে। শরীফুল অবদান রেখেছে। সব বোলারই তাদের পরিকল্পনা অনুযায়ী বল করেছে। তবে মোস্তাফিজ আজ রাতে ছিল এক কথায় দুর্দান্ত। আমাদের বোলাররাও কন্ডিশনটা খুবই ভালো ব্যবহার করেছে। অনেক কাটার, অনেক স্লোয়ার বল করেছে। এটাই আসল ছিল। আমরা প্রক্রিয়া অনুসরণ করেছি, চাপের মুহূর্তে সবকিছু সামলেছি।’
ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টিতে মন্থরতম ফিফটি। তবে উইকেটের ধরনটাই এমন ছিল বলে মনে করেন তিনি, ‘এটা ১৫০ রানের উইকেট ছিল না। আমি আর সাকিব যখন খেলছিলাম, তখন এমন মনে হচ্ছিল না। আমাদের আলোচনা হয়েছিল, দুজনের একজনকে ১৬–১৭ ওভার পর্যন্ত খেলতে হবে। কারণ নতুন ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করা খুবই কঠিন ছিল এ উইকেটে। বল ব্যাটে ধীরে আসছিল। আজ ওরাও কন্ডিশনটা ভালো ব্যবহার করতে পারছিল।’
শেষ পর্যন্ত ঐতিহাসিক জয়কে মাহমুদউল্লাহ মনে করেন প্রক্রিয়া অনুসরণ করার ফল। যেটি তিনি চেয়ে এসেছেন বেশ কিছুদিন ধরেই, ‘আমাদের এ নিয়ে কথা হয়েছে। যখন আমরা জিম্বাবুয়ে সিরিজ শেষ করেছিলাম, আমরা জানতাম আমাদের আরেকটু এগিয়ে আসতে হবে। আমরা নিজেদের ভালো দল মনে করি, ভারসাম্যপূর্ণ দল মনে করি। কিন্তু আমাদের র্যাঙ্কিং দেখে এটা কেউ বলবে না। আমাদের সাহস নিয়ে খেলতে হতো। স্বাধীনতা নিয়ে খেলতে হতো। আর স্কিল দেখানোর ক্ষেত্রে আরেকটু দায়িত্ব নিতে হতো।’
আইসিসি টি টুয়েন্টি বিশ্বকাপ এর সর্বশেষ খবর পড়তে এখানে ক্লিক করুন