কামিল মিশারা আচরণবিধি ভেঙেছেন
কামিল মিশারা আচরণবিধি ভেঙেছেন

হোটেল কক্ষে ‘অতিথি’, মিশারাকে ফেরত পাঠানোর কারণ এটিই

‘নিয়ম ভাঙায়’ শ্রীলঙ্কান ব্যাটসম্যান কামিল মিশারাকে দেশে ফিরে যেতে হচ্ছে। বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলাকালীন মিশারার শ্রীলঙ্কার বিমান ধরার কথা। খেলার মধ্যেই এই তরুণ লঙ্কান ওপেনারের দেশে ফেরার ঘটনা কৌতূহলের জন্ম দিয়েছে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শৃঙ্খলা ভঙ্গ করায় শাস্তি হিসেবে তাঁকে দেশে পাঠানো হচ্ছে। সেখানে ২১ বছর বয়সী এই ক্রিকেটারের বিষয়টি তদন্ত হবে। এ ব্যাপারে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো তথ্য পাওয়া যায়নি।

দেশে ফিরে যাচ্ছেন কামিল মিশারা

তবে সংবাদ সংস্থা এএফপির খবর, মিশারা টিম হোটেলে নিজের কক্ষে ‘অতিথি’ আমন্ত্রণ জানিয়েছিলেন, যা দলের আচরণবিধির পরিপন্থি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছে, ‘আমরা হোটেলের সিসিটিভি ফুটেজ দেখেছি। আমরা যা দেখেছি, সেটা নিয়ে তাঁর সঙ্গে কথা বলব।’

বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন মিশারা। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচ খেলে তিনি ৬৬৬ রান করেছেন, ফিফটি রয়েছে ৬টি। এর আগে দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি ওপেনার। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সাফল্য পাননি।