
মধ্যাহ্ন ভোজটা বেশ কেটেছিল বাংলাদেশের ড্রেসিং রুমে। শ্রীলঙ্কাকে ধরতে বাকি আর ১২ রান। দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম আর লিটন দাস জমে গেছেন উইকেটে। দুজনই স্বপ্ন দেখছেন শতরানের। লিড কেবল সময়ের ব্যাপার। মধ্যাহ্ন বিরতি শেষে অনেকটা নির্ভার হয়েই মাঠে নেমেছিলেন লিটন-মুশফিকরা। কিন্তু কাসুন রাজিতার করা দ্বিতীয় সেশনের প্রথম বলেই দুর্দান্ত খেলতে থাকা লিটনের কী যেন হয়ে গেল! অফ স্টাম্পের দেড় হাত বাইরের বলে ব্যাট চালিয়ে দিলেন। শতরান থেকে ১২ রান দূরে আউট লিটন!
হঠাৎ একজন সেট ব্যাটসম্যান আউট হয়ে গেলে সেটি দলের জন্য ধাক্কাই। লিটন ফেরার ধাক্কা হজম করার আগেই সেই রাজিতার বলেই ‘বোল্ড’ টেস্টের তৃতীয় দিন ১৩৩ রানে ইনিংস অসমাপ্ত রেখে ‘আহত অবসর’ নেওয়া তামিম ইকবাল। তিনি নিজের ইনিংসটাকে আরও বড় করার লক্ষ্যে নেমে টিকলেন মাত্র এক বল। গতকাল অধিনায়ক মুমিনুল হক যে ধরনের বলে আউট হয়েছিলেন, তামিমের আউটটি অনেকটা তেমনই।
হঠাৎ দুই উইকেট নেই! চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তখন রাজ্যের নীরবতা। তবে এই সেশনের স্বস্তি মুশফিকুর রহিমের অষ্টম টেস্ট শতক। ঠান্ডা মাথায় খেলেই নিজের শতরান পূরণ করেছেন ২৭০ বলে। আসিতার বলে লেগ সাইডে গ্ল্যান্স করে বাউন্ডারি মেরেই তিনি পৌঁছে যান শতরানে। আজ সকালের সেশনেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রান পূরণ করেন তিনি। চা বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৩৬। লিড ৩৯ রানের। মুশফিক অপরাজিত আছেন ১০৪ রানে। ২৮০ বলে তিনি নিজের ইনিংসটি সাজিয়েছেন মাত্র ৪টি বাউন্ডারিতে। ২৭০ বলে করা মুশফিকের এই শতক তাঁর ক্যারিয়ারের ধীরতম। এর আগে তাঁর সবচেয়ে ধীর গতির টেস্ট শতক ছিল ২০১৭ সালে ভারতের বিপক্ষে হায়দরাবাদে, সেটি ছিল ২৩৫ বলে।
সাকিব আল হাসানের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে ৭৩ বলে ৩৬ রান যোগ করেছিলেন তিনি। সাকিব আসিতা ফার্নান্দোর বলে এলোমেলো এক শট খেলে উইকেটের পেছনে সহজ ক্যাচ দেন নিরোশান ডিকভেলাকে। তবে শতক হাঁকানো মুশফিকই এখন বাংলাদেশের বড় ভরসা। তিনি কতক্ষণ টিকে থাকেন, সেটির ওপরই নির্ভর করছে, বাংলাদেশে নিজেদের লিডটাকে কতদূর টেনে নিয়ে যেতে পারবে। তাঁর সঙ্গী হয়ে আছেন নাঈম হাসান।
শ্রীলঙ্কান বোলারদের মধ্যে সেরা কাসুন রাজিতা। বিশ্ব ফার্নান্দোর ‘কনকাশন বদলি’ রাজিতা এখনো পর্যন্ত ৪৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আসিতা ফার্নান্দো নিয়েছেন ২ উইকেট।