রেকর্ড কর্নার

৫ উইকেট

পরশু বছরের শেষ ওয়ানডেটা খেলে ফেলল বাংলাদেশ। তাই ওয়াকার ইউনিসের পিছুও ধাওয়া করা হলো না মুস্তাফিজুর রহমানের। ২০১৫ সালে ওয়ানডেতে সবচেয়ে বেশি ৩ বার ম্যাচে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। সেটাও মাত্র ৯ ম্যাচ খেলে। ওয়ানডে ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে মুস্তাফিজের চেয়ে বেশিবার ৫ উইকেট নিয়েছেন মাত্র দুজন—ওয়াকার ইউনিস ও শহীদ আফ্রিদি। ১৯৮৯ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াকার ১৯৯০ সালে ১৯ ম্যাচে পাঁচবার ৫ উইকেট নিয়েছিলেন। এর তিনটিই আবার টানা তিন ম্যাচে। টানা ৫ উইকেট নেওয়ার ওয়ানডে রেকর্ড এটিই। ২০১১ সালে ২৭ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৪ বার ৫ উইকেট নেন আফ্রিদি। মুস্তাফিজের মতো বছরে ৩ বার ৫ উইকেট নিয়েছেন ল্যান্স ক্লুজনার, আজহার মেহমুদ, অজন্তা মেন্ডিস, রায়ান হ্যারিস ও লাসিথ মালিঙ্গা।