
ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ ঝুলে গেছে। কদিন আগে সিরিজ আয়োজন নিয়ে দুই বোর্ডের আলোচনা ভেস্তে যাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তীব্র সমালোচনা করেছেন জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তান কিংবদন্তির দাবি, পাকিস্তানের কাছে হারার ভয়ে সিরিজ খেলার পক্ষে নয় ভারত! মিয়াঁদাদ বলেছেন, ‘ভারতের কারণেই নিয়মিত সিরিজটা হয় না। কারণ তারা পাকিস্তানের কাছে হারতে ভয় পায়’
শুধু তা-ই নয়, ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা নিয়ে যে কথা উঠেছে, মিয়াঁদাদ সেটিরও সমর্থন দিলেন, ‘পিসিবির কাছে যদি মানসম্মান বড় ব্যাপার হয়, তাহলে দলকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঠানো উচিত নয়। এটা আমাদের দেশের মানসম্মানের ব্যাপার।’
পিসিবি অনেক দিন থেকেই চেষ্টা করছিল সীমিত আকারে হলেও সিরিজটা করার। ভারতীয় বোর্ডে নতুন নেতৃত্বে আসার পর শশাঙ্ক মনোহরের আমন্ত্রণে কদিন আগে ভারতে গিয়েছিলেন পিসিবি সভাপতি শাহরিয়ার খান ও পিসিবির কার্যনির্বাহী পরিষদের প্রধান নজম শেঠি। এ সফরে পিসিবির শীর্ষ কর্তাদের কতটুকু নিরাপত্তা বা সহায়তা করেছে বিসিসিআই কিংবা ভারত সরকার, এই প্রশ্নও করেছেন মিয়াঁদাদ, ‘এতে বোঝা গেছে, বিসিসিআই কিংবা ভারত সরকার কেউ দ্বিপক্ষীয় সিরিজ ফের চালু হওয়ার ব্যাপারে আন্তরিক নয়।’
আগে আইসিসির দেওয়া ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) পুরোপুরি অনুসরণ করে দ্বিপক্ষীয় সিরিজ খেলত প্রতিটি দল। তিন মোড়লের আবির্ভাবে দৃশ্যপট গেছে বদলে। মিয়াঁদাদের তির তিন মোড়লের দিকেও, ‘তিন মোড়ল আসার আগে সব দেশের জন্য আইসিসির দেওয়া ১০ বছরের এফটিপি ছিল। এখন সেটা দেখি না। তিন মোড়ল যা ঠিক করবে, সব বোর্ডকে সেটাই করতে হবে। সত্যি এটা লজ্জার।’
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানটি পাকিস্তানের দিকে হেলে। ভারতের বিপক্ষে ৫৯ টেস্টে পাকিস্তান জিতেছে ১২টি, হেরেছে ৯টি এবং ড্র ৩৮। ১২৭ ওয়ানডেতে পাকিস্তান জিতেছে ৭২টি, হেরেছে ৫১টিতে। ৬টি টোয়েন্টিতে অবশ্য পাকিস্তানের জয় ১টি, হার ৪টিতে। সূত্র: দ্য ডন।