ব্যাটিং ও বোলিং—দুটোই না জানলে কি কারও ক্রিকেট দলে ঠাঁই হয়? আপনি হয়তো না-ই বলবেন। কিন্তু এই প্রশ্নে অস্ট্রেলিয়ার প্রধামন্ত্রী টনি অ্যাবটের উত্তর হবে ‘হ্যাঁ’! পরশু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কিরিবিলি হাউসে চা-চক্রে গিয়েছিলেন অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটাররা। সেখানেই জানালেন অক্সফোর্ডের কুইন্স কলেজে পড়ার সময় ক্রিকেট খেলেছেন, ‘আমি ব্যাট করতে পারতাম না। বল করতে পারতাম না। ফিল্ডিংও নয়। পারতাম শুধু স্লেজিং করতে। এই যোগ্যতাতেই দলে জায়গা হতো বলে বিশ্বাস আমার। আমি নিশ্চিত করে বলতে পারি, ওই ধরনের ক্রিকেটার এখন আর কেউ নেই।’ চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজে লাগাতার স্লেজিং মনস্তাত্ত্বিক একটা লড়াইয়ের জন্ম দিয়েছে। শেষ টেস্টের আগে নিজেকে ‘স্লেজার’ দাবি করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কি বিস্ফোরক পরিস্থিতিকে হালকা করতে চাইলেন? সিডনি মর্নিং হেরাল্ড।