
>শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ১৫ সেপ্টেম্বরের এই ম্যাচে সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের মুখোমুখিও হবেন তামিম-সাকিবরা। তামিম জানালেন, হাথুরুসিংহের বিপক্ষে প্রতিশোধ নয়, জয়ের জন্য খেলবে বাংলাদেশ।
চন্ডিকা হাথুরুসিংহে—এই নামটা বেশ অস্বস্তিতে ভোগায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। কোচ হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে যেমন সাফল্য এনে দিয়েছেন, তেমনি বিতর্কও ছড়িয়েছেন। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের মধ্যে পদত্যাগ করে বেশ ক্ষোভের জন্ম দিয়েছিলেন এই লঙ্কান কোচ। জাতীয় দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গেও হাথুরুসিংহের বিরোধ ছিল। আর তাই দেশের অনেক ক্রিকেটপ্রেমীর কাছেই বাংলাদেশ দলের হাথুরুসিংহের মুখোমুখি হওয়া মানেই একধরনের ‘প্রতিশোধে’র উপলক্ষ। ভাবনাটা যে একেবারেই ভুল, সে কথাই জানালেন তামিম ইকবাল।
এশিয়া কাপ খেলতে তামিম ইকবাল এখন আরব আমিরাতে। টুর্নামেন্টের ছয় দলের একটি শ্রীলঙ্কা। হাথুরুসিংহে তামিমদের ছেড়ে শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েছেন। দেশের কোচের ভূমিকায় তিনি যতবারই বাংলাদেশের মুখোমুখি হয়েছেন, ততবারই প্রতিশোধের প্রসঙ্গটা মাথাচাড়া দিয়ে উঠেছে। নিদাহাস ট্রফি তার সর্বশেষ উদাহরণ। এশিয়া কাপেও একই প্রসঙ্গ মাথাচাড়া দিয়ে ওঠায় তা মাটিচাপা দিতে তামিম খেললেন সোজা ব্যাটে। বাংলাদেশ দলের এই ওপেনার জানিয়ে দিলেন, হাথুরুসিংহের (শ্রীলঙ্কা) বিপক্ষে প্রতিশোধ নয়, জয়ের জন্য খেলবে বাংলাদেশ।
দুবাইয়ে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমরা (দল) তাঁর সঙ্গে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছি। চার-পাঁচ বছর কেউ কোচ হিসেবে থাকলে সম্পর্কের উত্থান-পতন থাকবেই। কিন্তু কোচ হিসেবে তিনি আমাদের জন্য অসাধারণ কাজ করেছেন। কেউ তাঁর কাছ থেকে এই কৃতিত্ব ছিনিয়ে নিতে পারবে না।’
১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। অর্থাৎ এশিয়া কাপের শুরুতেই সাবেক কোচের মুখোমুখি হতে হতে তামিম-সাকিবদের। তামিম সাফ জানিয়ে দিলেন, প্রতিশোধ নেওয়ার কোনো ভাবনাই তাঁদের নেই। ‘হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের সাবেক কোচকে হারাতে চাই। তবে খুব ভালো মানসিকতা নিয়ে—প্রতিশোধ নেওয়ার জন্য নয়।’
সেই মানসিকতাটা কেমন? তামিমের যুক্তি, শুধু হারানোর ভাবনা নিয়ে মাঠে নামলে চলবে না। তাতে কাজ হবে না। খেলতে হবে ভালো ও প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট। শ্রীলঙ্কা যেহেতু ভালো দল আর হাথুরুসিংহের মতো কোচ থাকায় ভালো ক্রিকেট খেলার বিকল্প নেই বলেই মনে করেন তামিম, ‘শুধু তাঁকে হারানোর কথা ভাবলে কাজ হবে না। খুব ভালো ক্রিকেট খেলার ব্যাপারে অবশ্যই মনঃসংযোগ করতে হবে।’