অবশেষে ৪১ রান করল বাংলাদেশ!

অবশেষে!

টস জিতে ব্যাটিং নেওয়ার পরই ঠিক হয়ে গিয়েছিল, বাংলাদেশকে ম্যাচটা জিততে হবে ৪১ রানে। ২৮ রানে তারা হারিয়ে ফেলেছিল ৪ উইকেট।

অবশেষে ৪১ রান পার করেছে বাংলাদেশ, উইকেট অবশ্য চারটিই। পারভেজ হোসেন ১৫ বলে ২ আর সাইফ হাসান ২৫ বলে ১৬ রান করে অপরাজিত আছেন।

বাংলাদেশ: ১২ ওভারে ৪২/৪

নাজমুল আর হৃদয়ও!

এবার আউট হয়ে গেলেন নাজমুল হোসেনও। তিনিও তানজিদের মতোই উইকেটের পেছনেই ক্যাচ দিয়েছেন। পরপর দুই বলে দুই উইকেট হারানোর পর নাজমুলের ব্যাটেই একটু আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু ২৩ বলে ১৫ রান করে আউট হয়ে গেছেন নাজমুল।

তিনি আউট হওয়ার পর ব্যাটিংয়ে এসে আউট হয়ে গেছেন অধিনায়ক তাওহিদ হৃদয়ও। ওমরজাই নিজের বলে নিজেই ক্যাচ নিয়েছেন।

বাংলাদেশ : ৭ ওভারে ২৮/৩

নেট রানের হিসাব

পাঠক, বাংলাদেশ দুই উইকেট হারানোর পর নিশ্চয়ই দুশ্চিন্তা বেড়ে গেছে। হিসাবও কষতে শুরু করেছেন, কীভাবে কী হলে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠবে। সেই হিসাবটা কিন্তু আপনিও শিখে রাখতে পারেন। এজন্য পড়তে হবে প্রথম আলোতে প্রকাশিত মোহাম্মদ সোলায়মানের এই লেখাটি—

শুরুতেই বিপদ

পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে গেছে বাংলাদেশ। আজমতউল্লাহ ওমরজাইয়ের প্রথম ওভারে ৪ রান এসেছিল। পরের ওভারে ইয়ামিন আহমেদজাই শুরু করেছিলেন দুই ওয়াইড দিয়ে। কিন্তু তাঁর দ্বিতীয় বৈধ ডেলেভারি তানজিদের ব্যাট ছুয়ে যায় উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের হাতে। উইকেটে এসে পরের বলে বোল্ড হয়েছেন সৌম্য সরকার। অফ স্টাম্পের সামান্য বাইরের বল কাট করতে গিয়ে তিনি বল স্টাম্পে টেনে এনেছেন।

বাংলাদেশ: ২ ওভারে ৮/২

টস, একাদশ ও সমীকরণ

টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়। ব্যাটিং বেছে নিয়েছেন তিনি। বাংলাদেশের সামনে সমীকরণটা এখন স্পষ্ট— ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে হলে অন্তত ৪১ রানে আফগানিস্তানকে হারাতে হবে।

এমন ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে থাকা রিশাদ হোসেন, নুরুল হাসান ও মোসাদ্দেক হোসেন নেই আজ। তাদের জায়গা নিয়েছেন আলিস আল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন।

গত মাসে এশিয়ান গেমসে টি–টুয়েন্টি অভিষেক হওয়া আলিসের ওয়ানডে অভিষেক হচ্ছে আজ।

বাংলাদেশ একাদশ: তাওহিদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাইফ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও আলিস আল ইসলাম।

বাংলাদেশের সামনে যে সমীকরণ

প্রথমে ব্যাটিং করলে বাংলাদেশ আজ যত রানই করুক, ম্যাচটা জিততে তো হবেই, জয়ের ব্যবধান হতে হবে কমপক্ষে ৪১ রানের। পরে ব্যাট করলে হিসাবটা হবে আরও জটিল।

ধরুন, আফগানিস্তান যদি ৩০০ রান করে, বাংলাদেশকে তখন জিততে হবে ৪২.২ ওভারের মধ্যে। এভাবে প্রতিপক্ষের রানের হিসাবের সঙ্গে বাংলাদেশকে কত ওভারে জিততে হবে, সেই সমীকরণটাও বদলে যাবে।

বিস্তারিত পড়ুন প্রথম আলোর এই প্রতিবেদনে: আফগানিস্তানের বিপক্ষে জয়ের সঙ্গে বাংলাদেশের চাই আরও কিছু

স্বাগত

শুধু জিতলেই হবে না, ব্যবধানও বড় হতে হবে—এমন কঠিন সমীকরণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। আবুধাবিতে চলা ম্যাচটির তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ, তথ্য ও পরিসংখ্যান জানাতে প্রথম আলোর এই লাইভ ব্লগ। সবাইকে স্বাগত।