পন্তকে ফিরিয়েছেন মিরাজ
পন্তকে ফিরিয়েছেন মিরাজ

মিরপুর টেস্ট

দেড় বছর পর মিরাজের ৫ উইকেট

নিচু হয়ে আসা বলটি পেছনের পায়ে ভর দিয়ে খেলতে চেয়েছিলেন অক্ষর প্যাটেল। নাগাল পাননি। অক্ষরের প্যাডে লেগে বল আঘাত করে স্টাম্পে।

আরেকটি উইকেটের উল্লাসে মেতে ওঠেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসে এটি ছিল তাঁর পঞ্চম উইকেট।

এ নিয়ে টেস্টে পাঁচ বা তার বেশি উইকেট পেলেন নবমবার। মিরাজ শেষবার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন প্রায় দেড় বছর আগে, ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে।

৫ উইকেট তুলে নিয়েছেন মিরাজ

মিরাজের করা দিনের তৃতীয় বলেই হয় প্রথম রিভিউ নিয়েছিল বাংলাদেশ। ব্যাট-প্যাড একসঙ্গে রেখে ডিফেন্ড করতে গিয়েছিলেন জয়দেব উনাদকাট। ব্যাটের আগে প্যাডেই লেগেছিল বল, তবে উইকেটে অল্পর জন্য হয় আম্পায়ার্স কল। ঠিক পরের বলেই ছক্কা মেরে বাংলাদেশের হতাশা বাড়ালেও উনাদকাট অবশ্য এরপর বেশিক্ষণ টেকেননি। পরের ওভারে সাকিবকে ব্যাকফুটে গিয়ে খেলতে গিয়ে হন এলবিডব্লু।

এরপর ক্রিজে আসেন ঋষভ পন্ত, যাঁর দিকে অনেকটাই তাকিয়ে ছিল ভারত। সীমানার ওপর যান পাঁচজন ফিল্ডার। সাকিবকে রিভার্স সুইপ করে নিজের সহজাত খেলাও শুরু করেন পন্ত। কিন্তু এ উইকেটকিপার ব্যাটসম্যানের সঙ্গে লড়াইটা জেতেন মিরাজই।

জোরের ওপর করা বলটিতে সামনে ঝুঁকে ডিফেন্ড করতে গিয়েও মিস করে যান পন্ত, মিরাজ আবেদনের আগেই শুরু করে দেন উদ্‌যাপন। আম্পায়ার ক্রিস ব্রাউনের এলবিডব্লুর সিদ্ধান্ত শেষ পর্যন্ত রিভিউ না করার সিদ্ধান্ত নেন পন্ত, পরে বল ট্র্যাকিং-ও দেখায়, রিভিউ নিলে সেটি অপচয়ই হতো।

পরের ওভারে এসে মিরাজ নেন ইনিংসে নিজের পঞ্চম উইকেটটি। শিকার ছিলেন অক্ষর প্যাটেল।