
গল টেস্টের প্রথম দিনে ভারতের ৫ ব্যাটসম্যান ব্যাট করেছেন আজ। কিন্তু শ্রীলঙ্কার একজন বোলারই কেবল উইকেট পেয়েছেন, তা–ও একটি। কীভাবে তা হলো? যশস্বী জয়সোয়াল হয়েছেন রানআউট আর লোকেশ রাহুল রিটায়ার্ড হার্ট। দিন শেষে অপরাজিত দুই ব্যাটসম্যান দেবদূত পাডিক্কাল আর ঋষভ পন্ত।
শ্রীলঙ্কার বোলাররা আউট করতে পেরেছেন কেবল শুভমান গিলকে। প্রবাথ জয়াসুরিয়ার বলে ক্যাচ তুলে ভারতের অধিনায়ক আউট হয়েছেন ২৮ বলে ১৬ রান করে। তাঁর দল অবশ্য বড় স্কোরের পথেই আছে— প্রথম ইনিংসে এখন পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২৮৮ রান করেছে ভারত।
৯ টেস্টের অধিনায়কত্ব অধ্যায়ে দ্বিতীয়বারের মতো টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গিল। ম্যাচের শুরুতে পেসাররা উইকেট থেকে কোনো সুবিধা পাননি। ভারতের ব্যাটসম্যানরা তাই শুরু থেকেই দাপট দেখিয়েছেন। জয়সোয়াল ও রাহুলের ৪৭ রানের উদ্বোধনী জুটিটা ভেঙেছে দুর্ভাগ্যের রানআউটে।
বোলারের কাছ দিয়ে বলটা মিড অনের দিকে খেলেন রাহুল। প্রায় সঙ্গে সঙ্গেই রানের জন্য দৌড়ও শুরু করেন। কিন্তু নন স্ট্রাইক প্রান্তে থাকা জয়সোয়াল বল ধরতে ড্রাইভ দেওয়া বোলারের সঙ্গে ধাক্কা লেগে ভারসাম্য হারিয়ে ফেলেন। দুই ব্যাটসম্যানই একপর্যায়ে ছিলেন নন স্ট্রাইকে।
বল পেয়ে আউট করবেন কি না, এমন দ্বিধায়ও পড়ে গিয়েছিলেন উইকেটরক্ষক নিরোশান ডিকভেলা। পরে অবশ্য তিনি স্টাম্প ভাঙেন, জয়সোয়ালকে ৩৭ বলে ৩২ রান করে ফিরতে হয়। ৭৭ রান করে ক্র্যাম্প নিয়ে মাঠ ছাড়েন রাহুল।
তাতেও অবশ্য ভারতের রান তোলার গতি কমেনি। দুই বছর পর টেস্টে ফেরা পাডিক্কাল সেঞ্চুরি পেয়েছেন। সেঞ্চুরির সময় তাঁর সঙ্গী গিল আউট হলেও প্রথম দিন শেষে পাডিক্কাল অপরাজিত আছেন ১৭৮ বলে ১৩১ রান করে। তাঁর সঙ্গে ৩৬ বলে ২৭ রান করা পন্ত আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন।