পকেটে একমুঠো মাটি, মুখে পুদিনার লজেন্স, দাঁতের নিচে বল। ক্রিকেটে বল টেম্পারিংয়ের কায়দা কম নেই।
তবে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার কেপটাউন-কাণ্ড যেন সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সিরিশ কাগজ দিয়ে বলের অবস্থা বদলানোর ঘটনায় নিষিদ্ধ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। আট বছর পর উসমান খাজার বইয়ের সূত্র ধরে সেই ঘটনা আবারও আলোচনায়। কে কী জানতেন, কার কতটা ভূমিকা ছিল, উঠছে এমন প্রশ্নও।
তবে কেপটাউনই ক্রিকেটে বল টেম্পারিংয়ের প্রথম কিংবা শেষ ঘটনা নয়। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন সময়ে এমন বিতর্কে জড়িয়েছেন নামী ক্রিকেটাররা। একটু পেছনে ফিরে দেখা যাক, কোন ঘটনায় কী ঘটেছিল, শাস্তিই বা পেয়েছিলেন কারা।
মাইক আথারটন, ১৯৯৪
লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন। টিভি ক্যামেরায় ধরা পড়ল ইংল্যান্ড অধিনায়ক মাইক আথারটনের অদ্ভুত এক কাণ্ড। পকেট থেকে কিছু একটা বের করে বলে ঘষছেন তিনি।
ম্যাচ রেফারি পিটার বার্জের কাছে আথারটনের ব্যাখ্যা ছিল, হাত শুকনা রাখতে পকেটে হাত ঢুকিয়েছিলেন। কিন্তু পকেটে থাকা ধুলা বা মাটির কথা তখন বলেননি। পরদিন অবশ্য স্বীকার করেন, পুরো সত্যটা বলেননি তিনি।
শাস্তিটা দেন ইংল্যান্ডের নির্বাচকপ্রধান রে ইলিংওয়ার্থ। জরিমানা ২ হাজার পাউন্ড। এর অর্ধেক মাটি ব্যবহারের জন্য, বাকি অর্ধেক ম্যাচ রেফারির কাছে পুরো সত্য না বলার জন্য। অধিনায়কত্ব হারাতে হয়নি আথারটনকে। কিন্তু ‘ডার্ট ইন দ্য পকেট’ তকমাটা সারা জীবনের জন্য তাঁর নামের সঙ্গে জুড়ে যায়।
শচীন টেন্ডুলকার, ২০০১
বলের কারণে বিতর্কে জড়িয়েছিলেন শচীন টেন্ডুলকারও। পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টিভি ফুটেজে দেখা যায়, টেন্ডুলকার বলের সিম পরিষ্কার করছেন। ম্যাচ রেফারি মাইক ডেনেস তাঁকে জরিমানা করেন। সঙ্গে দেন এক টেস্টের স্থগিত নিষেধাজ্ঞা। একই টেস্টে অতিরিক্ত আবেদনের দায়ে অধিনায়ক সৌরভ গাঙ্গুলীসহ আরও পাঁচ ভারতীয় ক্রিকেটারও শাস্তি পান।
তবে পরে আইসিসি জানায়, শচীন বল টেম্পারিংয়ে দোষী নন। আম্পায়ারের অনুমতি ছাড়া বল পরিষ্কার করাটাই ছিল তাঁর অপরাধ। সেটি অবশ্য তুলনামূলক কম গুরুতর অপরাধ। ম্যাচ রেফারি ডেনেসও পরে বলেন, শচীনকে বল টেম্পারিংয়ের জন্য নয়, আম্পায়ারকে না জানিয়ে বল পরিষ্কার করার জন্য শাস্তি দেওয়া হয়েছিল।
ঘটনাটি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির বিরোধ তৈরি হয়। তৃতীয় টেস্টে ডেনেসকে ম্যাচ রেফারি হিসেবে মানতে অস্বীকার করে ভারতীয় বোর্ড। ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হলেও আনুষ্ঠানিক টেস্টের স্বীকৃতি পায়নি।
ইনজামাম-উল-হক, ২০০৬
ওভালে ইংল্যান্ড-পাকিস্তান চতুর্থ টেস্টের চতুর্থ দিন। আম্পায়ার ড্যারেল হেয়ার ও বিলি ডক্ট্রোভের মনে হলো, পাকিস্তান বলের অবস্থা বদলেছে। ইংল্যান্ডকে দেওয়া হলো ৫ রান পেনাল্টি। বদলে দেওয়া হলো বলও। এরপর যা ঘটল, তা টেস্ট ক্রিকেটের ইতিহাসেই বিরল।
চা-বিরতির পর আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতিবাদে মাঠে নামতে অস্বীকৃতি জানায় পাকিস্তান দল। টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো দল ম্যাচ ছেড়ে দেওয়ায় ফরফিট ঘোষণা করা হয়।
২৮ সেপ্টেম্বর শুনানি শেষে আইসিসির প্রধান ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল-হককে বল টেম্পারিংয়ের অভিযোগ থেকে খালাস দেন। তবে খেলাকে বিতর্কিত করার দায়ে তাঁকে চার ওয়ানডের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই অপরাধের জন্য সেটিই ছিল সর্বনিম্ন শাস্তি। ইনজামাম আপিল করেননি। ফলে ওই বছর ভারতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি পাকিস্তান অধিনায়ক।
শহীদ আফ্রিদি, ২০১০
বল টেম্পারিংয়ের ইতিহাসে সবচেয়ে অদ্ভুত দৃশ্যগুলোর একটি দেখা গিয়েছিল পার্থের ওয়াকায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের নেতৃত্বে ছিলেন শহীদ আফ্রিদি।
টিভি ক্যামেরায় দেখা গেল, আফ্রিদি বলে কামড় বসাচ্ছেন! টিভি আম্পায়ারের কাছ থেকে খবর পেয়ে মাঠের আম্পায়াররা তাঁর সঙ্গে কথা বলেন। এরপর বল বদলে দেওয়া হয়। প্রথমে আফ্রিদির ব্যাখ্যা ছিল, বলের গন্ধ বোঝার চেষ্টা করছিলেন তিনি। পরে অবশ্য দোষ স্বীকার করেন। বলেন, তিনি লজ্জিত। মুহূর্তের উত্তেজনায় কাজটি করে ফেলেছেন।
ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের শুনানিতে নিজের দোষ স্বীকার করেন আফ্রিদি। শাস্তি হিসেবে পান দুটি টি-টুয়েন্টি ম্যাচের নিষেধাজ্ঞা। ওই অপরাধের জন্য সেটিই ছিল সর্বোচ্চ শাস্তি। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নের ম্যাচ এবং ইংল্যান্ডের বিপক্ষে দুবাইয়ের প্রথম টি-টুয়েন্টিতে খেলতে পারেননি তিনি।
ফাফ ডু প্লেসি, ২০১৬
মুখে পুদিনার লজেন্স রেখে বল চকচকে করছেন! হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিকে এমন কাণ্ড করতে দেখা যায়। মুখে মিষ্টি বা পুদিনার লজেন্স রেখে লালা দিয়ে বলের এক পাশ চকচকে করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন নিজেই অভিযোগ আনেন ডু প্লেসির বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। কিন্তু অ্যাডিলেডে শুনানি শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট তাঁকে দোষী সাব্যস্ত করেন।
শাস্তি হিসেবে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা এবং তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় তাঁকে।
এটি অবশ্য ডু প্লেসির প্রথম বল টেম্পারিং বিতর্ক ছিল না। ২০১৩ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে প্যান্টের জিপারে বল ঘষার অভিযোগেও শাস্তি পেয়েছিলেন তিনি। সেবার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল তাঁকে।