ভারতের হয়ে তৃতীয় উইকেটে ১৬১ রান যোগ করেন শ্রেয়াস আইয়ার–্ঈশান কিষান
ভারতের হয়ে তৃতীয় উইকেটে ১৬১ রান যোগ করেন শ্রেয়াস আইয়ার–্ঈশান কিষান

দক্ষিণ আফ্রিকাকে পাত্তাই দিলেন না আইয়ার-কিষানরা

আগের পাঁচ ম্যাচে চারবার পঞ্চাশ পার করেছেন শ্রেয়াস আইয়ার, অন্য ম্যাচটিতেও ছিলেন চল্লিশের ঘরে। টানা রানের মধ্যে থাকলেও হচ্ছিল না শুধু সেঞ্চুরিটা। সেই আক্ষেপটাই মেটালেন এবার দারুণভাবে। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেললেন ১১১ বলে অপরাজিত ১১৩ রানের দারুণ ইনিংস।

আইয়ারের সেঞ্চুরিতে ভর করে প্রোটিয়াদের ৭ উইকেটে তোলা ২৮২ রান ২৫ বল আগেই টপকে গেছে ভারত, ম্যাচ জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। প্রথম ওয়ানডেতে হেরে পিছিয়ে পড়া ভারত এ জয়ে সমতাও আনল তিন ম্যাচের সিরিজে।

অপরাজিত সেঞ্চুরিতে আইয়ার যদি নায়ক হন, ঈশান কিষান তবে পার্শ্বনায়ক। রান তাড়ায় ৪৮ রানের মধ্যে দুই ওপেনার শিখর ধাওয়ান আর গুভমান গিলকে হারিয়ে ফেলেছিল ভারত।

শুরুর ওই চাপ সামলাতে রয়েসয়ে খেলার সুযোগ ছিল না আইয়ার-কিষানের। মাথার ওপর সংকেত হয়ে ঝুলছিল ওভারপ্রতি ছয় রান তোলার লক্ষ্য। তবে ২৪ বছর বয়সী কিষান আর ২৭ বছর বয়সী আইয়ার যেন কোনো চাপই নিলেন না। রান তুলে গেছেন একে অন্যের সঙ্গে তাল মিলিয়ে।

দুই প্রোটিয়া বাঁহাতি স্পিনার কেশব মহারাজ আর বোর্ন ফোরটুইনকে সামলেছেন দারুণভাবে। পেসে কামড় বসানোর সুযোগ দেননি কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া আর ওয়েন পারনেলদেরও। জুটিতে পার করে ফেলেন দেড় শও।

শেষ পর্যন্ত ফরটুইনের বলে কিষান যখন হেনড্রিকসকে ক্যাচ দেন, ততক্ষণে জয়ের পথ তৈরি করে ফেলেছে ভারত। ১৬১ রানের জুটি থামার সময় ভারত পৌঁছে যায় ২০৯ রানে, তখনো ৭৪ রান তুলতে বাকি ৯৩ বল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন শ্রেয়াস আইয়ার

দলের অবস্থা ভালো থাকলেও আউটের মুহূর্তে মন খারাপই হয়েছে কিষানের। ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে খেলা এই বাঁহাতির সামনে ছিল প্রথম সেঞ্চুরির হাতছানি।

কিন্তু আটকে গেছেন ৭ রান দূরে। ৮৪ বলে ৯৩ রান করার পথে চারের চেয়ে ছয় মেরেছেন বেশি (৪টি চার ও ৭টি ছয়)।

প্রথম ওয়ানডেতে ৮৬ রানে অপরাজিত থেকেও ভারতকে জেতাতে পারেননি সঞ্জু স্যামসন। তবে এ যাত্রায় তাঁকে শুধু আইয়ারকে সঙ্গ দিতে হয়েছে। ১০২ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন আইয়ার। সঞ্জু অপরাজিত থাকেন ৩৬ বলে ৩০ রান করে।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ২৮২ রানের সংগ্রহ পায় এইডেন মার্করাম ও রিজা হেনড্রিকসের দুই ফিফটিতে ভর করে। ৪০ রানের মধ্যে দুই ওপেনার কুইন্টন ডি কক ও ইয়ানেমান মালান আউট হয়ে যাওয়ার পর তৃতীয় উইকেটে ১২৯ রান যোগ করেন মার্করাম-হেনড্রিকস।

৭৯ রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম

৭৬ বলে ৭৪ আর মার্করাম ৮৯ বলে ৭৯ রান করে আউট হওয়ার পর প্রোটিয়াদের হয়ে আর কেউ দলের হাল ধরতে পারেননি। শেষ আট ওভারে ৪৮ রানের বেশি তুলতে না পারায় সম্ভাবনা জাগিয়েও তিন শর কমে আটকে যায় দক্ষিণ আফ্রিকা।

অবশ্য আইয়ার-কিষান যেভাবে খেলেছেন, তাতেও প্রোটিয়াদের শেষ রক্ষা হতো কি না সন্দেহ।