
স্কোরবোর্ডে কোনো পরিবর্তন নেই। ছয়টি বল শেষ, রানও আসেনি একটিও। বোলার ফিরে যাচ্ছেন নিজের জায়গায়, ব্যাটসম্যানের চোখে একটু অস্বস্তি। আম্পায়ারও জানিয়ে দিয়েছেন, ওভারটি মেডেন। ক্রিকেটের স্কোরকার্ডে এটি হয়তো স্রেফ একটি পরিসংখ্যান। কিন্তু মাঠের খেলায় এই ছয়টি বলের প্রভাব অনেক সময় একটি উইকেটের চেয়ে বেশি। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি মেডেন ওভার করেছেন কোন বোলার? চলুন জেনে নিই।
পঞ্চম স্থানে ভারতের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার কপিল দেব। ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়কের মেডেন ওভার ২৩৫টি। ১৯৭৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ২২৫ ওয়ানডে খেলেছেন। ২২১ ইনিংসে বোলিং করে ১১ হাজার ২০২ বল করেছেন। রান দিয়েছেন ৬ হাজার ৯৪৫, উইকেট ২৫৩টি। বোলিং গড় ২৭.৪৫, ইকোনমি ৩.৭১।
চতুর্থ স্থানে আছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের এই কিংবদন্তি বাঁহাতি পেসারের ওয়ানডে উইকেট ৫০২টি। এই সংস্করণে যা এখনো সর্বোচ্চ। ১৯৮৪ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৩৫৬ ম্যাচ খেলে ৩৫১ ইনিংসে বোলিং করেছেন তিনি। ১৮ হাজার ১৮৬ বল করে রান দিয়েছেন ১১ হাজার ৮১২। মেডেন ওভার ২৩৭টি। বোলিং গড় ২৩.৫২, ইকোনমি ৩.৮৯।
একই সংখ্যক মেডেন ওভার নিয়ে তালিকার তৃতীয় স্থানে চামিন্দা ভাস। শ্রীলঙ্কার বাঁহাতি পেসারও করেছেন ২৭৯টি মেডেন। ১৯৯৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৩২২ ওয়ানডে খেলে ৩২০ ইনিংসে বোলিং করেছেন। ১৫ হাজার ৭৭৫ বল করে রান দিয়েছেন ১১ হাজার ১৪, উইকেট নিয়েছেন ৪০০টি। বোলিং গড় ২৭.৫৩, ইকোনমি ৪.১৮।
তালিকার দ্বিতীয় নাম গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি পেসারের মেডেন ওভার ২৭৯টি। পোলকের সঙ্গে ব্যবধান ৩৪টি। তবে বোলিং করা মোট ওভারের অনুপাতে মেডেনের হার ম্যাকগ্রারই সবচেয়ে বেশি। ২৫০ ম্যাচে ১২ হাজার ৯৭০ বল করেছেন তিনি। ২ হাজার ১৬১ ওভারের বেশি বোলিং করে প্রায় ১৩ শতাংশ ওভারই রেখেছেন রানহীন। রান দিয়েছেন ৮ হাজার ৩৯১, উইকেট ৩৮১টি। বোলিং গড় ২২.০২, ইকোনমি ৩.৮৮।
সবার আগে আসবে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার শন পোলকের নাম। তাঁর মেডেন ওভারের সংখ্যা ৩১৩।
১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৩০৩টি ওয়ানডে খেলেছেন পোলক। ২৯৭ ইনিংসে বোলিং করে করেছেন ১৫ হাজার ৭১২টি বল। রান দিয়েছেন ৯ হাজার ৬৩১, উইকেট নিয়েছেন ৩৯৩টি। তাঁর বোলিং গড় ২৪.৫০, ইকোনমি ৩.৬৭। ২ হাজার ৬১৮ ওভারের বেশি বোলিং করে ৩১৩টি মেডেন আদায় করা সহজ কথা নয়। প্রায় প্রতি আট ওভারের মধ্যে একটি ওভার রানহীন রেখেছেন তিনি।