
ব্যাটসম্যানদের কাজ রান করা, বোলারদের কাজ উইকেট নেওয়া। কিন্তু কিছু ক্রিকেটার আছেন, যাঁদের কাছে ব্যাট হাতে নামাটাই যেন একটা পরীক্ষা। রান করবেন কি না, সেটি পরের কথা; উইকেটে কিছুক্ষণ টিকে থাকতে পারবেন কি না, সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়।
এ ধরনের ব্যাটসম্যান বোলারদের বেশ প্রিয়। সহজে আউট করা যায়, আউট করার আগপর্যন্ত বেশ ‘নাচানো’ও যায়। ব্যাটের কানায় লেগে ফাঁকফোকরে গেলে বা এলোপাতাড়ি ব্যাট চালিয়ে হঠাৎ বড় শট খেলে ফেললে অবশ্য ভিন্ন কথা।
নইলে এ সব ব্যাটসম্যানের কাছ থেকে রান আটকানোও সোজা। ম্যাচের পর ম্যাচ খেলে ফেললেও তাই তাঁদের ব্যাটিং গড় আঙুলে গুণে ফেলা যায়। টেস্ট ক্রিকেটারদের এমনই এক অনাকাঙ্ক্ষিত তালিকায় আছে তিন বাংলাদেশির নামও।
টেস্টে প্রথম ৩৩ ইনিংসের পর সর্বনিম্ন ব্যাটিং গড়ের শীর্ষ পাঁচে আছেন খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। আর অন্তত ৩৩ ইনিংস ব্যাট করেছেন, এমন ক্রিকেটারদের পুরো ক্যারিয়ারের গড় বিবেচনায় সর্বনিম্ন গড়ের ‘সেরা’ পাঁচে আছে খালেদের সঙ্গে মনজুরুল ইসলামের নাম।
দুটি তালিকায় চোখ রাখলে এই ব্যাটসম্যানদের একটা বিশেষত্ব ধরা পড়বে। তাঁরা মূলত বোলার। ব্যাটিং তাঁদের মূল দায়িত্ব নয়। কিন্তু টেস্টে দলের প্রয়োজনে ব্যাট হাতে নামতে হয়। আর সেই দায়িত্ব পালনে তাঁরা যে কতটা ‘সফল’, সেটি তো পরিসংখ্যানই বলে দিচ্ছে।
সদ্য সমাপ্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন টেস্টে খেলা খালেদের কথাই ধরা যাক। ২০১৮ সালে টেস্ট ক্রিকেটে পা রেখেছেন, কিন্তু দলে থিতু হতে পারেননি। আসা-যাওয়ার মাঝে গত আট বছরে খেলেছেন মোটে ১৯ টেস্ট।
এর মধ্যে ৩৩ ইনিংসে ব্যাট করতে নেমে খালেদের রান মাত্র ৬০। প্রতি ইনিংসে দুইয়েরও কম! অবশ্য কয়েকটি ইনিংসে অপরাজিত থাকায় ব্যাটিং গড়ের হিসাবে কিছুটা সুবিধা পেয়েছেন। তাতেও গড়টা মাত্র ২.৫০। টেস্ট ক্যারিয়ারের প্রথম ৩৩ ইনিংস শেষে খালেদের ব্যাটিং গড়ই সবার চেয়ে কম! অন্যভাবে বললে, বাজে ব্যাটিং গড়ে খালেদই সবার ওপরে।
ব্যাটসম্যান খালেদ যে কতটা ভয়াবহ, সেটি বোঝা যায় শূন্যের হিসাব দেখলেও। ৩৩ ইনিংসের ১৭টিতেই আউট হয়েছেন শূন্য রানে। পাঁচবার মাঠ ছেড়েছেন শূন্য রানে অপরাজিত থেকে। অর্থাৎ ব্যাট হাতে নামলে তাঁর কাছে রান পাওয়ার চেয়ে শূন্যে ফেরার অভিজ্ঞতাই বেশি। পেয়ার, মানে একই টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন চারবার। টেস্টের দেড় শ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ‘পেয়ার’-এর তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ।
সবচেয়ে বেশি সাতবার পেয়ার হওয়ার রেকর্ড নিউজিল্যান্ডের ক্রিস মার্টিনের। ২০১৩ সালে সর্বশেষ টেস্ট খেলা এই পেসার ক্যারিয়ারে খেলেছেন ৭১ টেস্ট। ১০৪ ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন ৩৬ বার, যার ১৪টি এসেছে সাত টেস্টে। আর বাংলাদেশের খালেদ মাত্র ৩৩ ইনিংসেই ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন। মানে, ইনিংসের সংখ্যা মার্টিনের এক-তৃতীয়াংশেরও কম, অথচ ডাকের সংখ্যা তাঁর প্রায় অর্ধেক! বোঝাই যাচ্ছে, শূন্যের হিসাবেও খালেদ বেশ ভালোই এগোচ্ছেন!
সব টেস্ট ক্রিকেটারের ক্যারিয়ার ব্যাটিং গড় বিবেচনায় খালেদের ২.৫০ রান দ্বিতীয় সর্বনিম্ন। এক নম্বরে ওই মার্টিনই, ৭১ টেস্টে ১২৩ রান নিয়ে ব্যাটিং গড় ২.৩৬।
খালেদের মতো দুরবস্থা তাঁর সতীর্থ ইবাদত হোসেনেরও। প্রথম ৩৩ টেস্ট ইনিংসে তাঁর ব্যাটিং গড় ছিল ৩.৩১। এই তালিকায় তাঁর অবস্থান যৌথভাবে চতুর্থ। ইবাদত একটা জায়গায় সান্ত্বনা খুঁজতেই পারেন, তাঁর চেয়েও কম গড় নিয়ে তালিকায় আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা।
১২৪ টেস্ট খেলা এই ডানহাতি পেসারের প্রথম ৩৩ ইনিংসের গড় ছিল মাত্র ৩.২৮। পরের দিকে অবশ্য ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করে ক্যারিয়ার গড় ৭.৩৬-এ নিয়ে গেছেন ম্যাকগ্রা। ক্যারিয়ার গড়ের সর্বনিম্ন তালিকায় নিজের নামটা তাই দূরে নিয়ে যেতে পেরেছেন তিনি। ইবাদতের সামনে অবশ্য সেই সুযোগ এখনো আছে!
কিছু খেলোয়াড় ব্যাট হাতে নামেন বটে, তবে রান করার জন্য নয়।
পুরো ক্যারিয়ারের হিসাবে খালেদ ছাড়াও বাংলাদেশের আরও একজনের নাম ওপরের দিকে আছে—মনজুরুল ইসলাম। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৭ টেস্ট খেলেছেন বাঁহাতি এই পেসার।
৩৩ ইনিংসে রান করেছেন ৮১, ব্যাটিং গড় ৩.৬৮। সর্বোচ্চ ২১। ১০ বার আউট হয়েছেন শূন্য রানে। অর্থাৎ প্রায় প্রতি তিন ইনিংসে একবার করে ডাক! মনজুরুল আছেন এই তালিকার চার নম্বরে। তাঁর ওপরে আছেন মার্টিন, খালেদ ও শ্রীলঙ্কার আসিতা ফার্নান্ডো। তালিকার তিন নম্বরে থাকা আসিতার ক্যারিয়ার গড় ৩.০০।
সব মিলিয়ে বাজে ব্যাটিং গড়ের তালিকা দুটি বলছে, টেস্ট ক্রিকেটে কিছু খেলোয়াড় ব্যাট হাতে নামেন বটে, তবে রান করার জন্য নয়। বল হাতে তাঁরা ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক হতে পারেন, তবে ব্যাট হাতে তাঁরাই আবার বোলারদের কাছে প্রিয় নাম। বাংলাদেশের দুর্ভাগ্য, এই তালিকায় আছে খালেদ, ইবাদতদের নাম।