সিলেট টেস্ট শেষ করেই দক্ষিণ আফ্রিকায় রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল
সিলেট টেস্ট শেষ করেই দক্ষিণ আফ্রিকায় রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল

সিলেট টু জোহানেসবার্গ—৫ দিনের মধ্যেই কীভাবে দুই টেস্ট খেলবে বাংলাদেশ

সিলেট টু জোহানেসবার্গ ভায়া ঢাকা—ব্যাপারটা এ রকমই দাঁড়িয়ে গেছে আসলে। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে পরশু। এরপর সে রাতেই ঢাকায় ফেরে বাংলাদেশ দল। এক রাত ঢাকায় থেকে গতকাল দুপুরে আবার দলের ১৪ ক্রিকেটার উড়াল দিয়েছেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশে।

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর। অর্থাৎ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্ট আর জোহানেসবার্গ টেস্টের মাঝখানে বাংলাদেশ দল সময় পাচ্ছে মাত্র পাঁচ দিন। এই পাঁচ দিনের মধ্যে ক্রিকেটাররা সিলেট থেকে ঢাকায় ফিরেছেন, ঢাকা থেকে ইথিওপিয়ান এয়ারলাইনসে আদ্দিস আবাবা হয়ে জোহানেসবার্গে যাচ্ছেন। টেস্টের আগে সেখানে দুই–তিন দিন অনুশীলনও করবেন এ সময়ের মধ্যেই। দলের বাকি দুই ক্রিকেটার ও কয়েকজন কোচিং স্টাফ সদস্য অবশ্য ঢাকা ছাড়বেন আজ দুপুরে।

সূচি করতে গিয়ে সব দেশের বোর্ডকেই কখনো না কখনো এ রকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তবে চলতি এফটিপিতে আমাদের এই একটা সিরিজেই একটু সমস্যা হলো।
শাহরিয়ার নাফীস, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক
দক্ষিণ আফ্রিকায় কেমন করবেন তাওহিদ হৃদয়

ভবিষ্যৎ সফরের পরিকল্পনা তৈরির সময়ই বিসিবি জানত, এই দুই সিরিজের মাঝের সময়টা একটু আঁটসাঁট হয়ে যাবে। কিন্তু বিকল্প কোনো উপায় ছিল না। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস প্রথম আলোকে বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘আন্তর্জাতিক এফটিপিতে এখন যে পরিমাণ খেলা থাকে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলাগুলো নির্ধারিত সময়ে শেষ করার যে রকম বাধ্যবাধকতা থাকে, সে জন্য অনেক ক্ষেত্রেই এখন সূচি এ রকম আঁটসাঁট হয়ে যায়। সূচি করতে গিয়ে সব দেশের বোর্ডকেই কখনো না কখনো এ রকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তবে চলতি এফটিপিতে আমাদের এই একটা সিরিজেই একটু সমস্যা হলো।’

২০২২ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফর করেছে বাংলাদেশ

ঢাকা থেকে আদ্দিস আবাবা সরাসরি ৭ ঘণ্টার ফ্লাইট, ৩ ঘণ্টার যাত্রাবিরতির পর সেখান থেকে জোহানেসবার্গে যেতে সময় লাগবে ৫ ঘণ্টা। এ হিসাবে গতকাল যাওয়া ক্রিকেটারদের জোহানেসবার্গে পৌঁছানোর কথা স্থানীয় সময় আজ ভোর ৪টায় এবং আজ রওনা দেওয়া দলের বাকি সদস্যদের পৌঁছানোর কথা আগামীকাল একই সময়ে।

দলের বেশির ভাগ ক্রিকেটারই গতকাল ফ্লাইট ধরায় জোহানেসবার্গ টেস্টের আগে তাঁরা সেখানে তিন দিন অনুশীলন করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন শাহরিয়ার। সফর সূচি অনুযায়ী, আগামীকাল বিকেলে জোহানেসবার্গে প্রথম অনুশীলন করার কথা বাংলাদেশ দলের। তার আগে আজকের বিকেলটাও চাইলে কেউ কাজে লাগাতে পারবেন জিম সেশন করে। এত অল্প সময়ের মধ্যে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ তবু থেকেই যায়।

আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশ দল সাধারণত দোহা বা দুবাই হয়ে গেলেও এবার যাচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইনসে আদ্দিস আবাবা হয়ে। প্রতিদিন সুবিধাজনক সময়ে ফ্লাইট, এমিরেটস বা কাতার এয়ারওয়েজের তুলনায় টিকিটের মূল্য প্রায় অর্ধেক কম এবং বাড়তি লাগেজ নেওয়ার সুবিধা—মূলত এসব কারণেই এই রুট বেছে নেওয়া বলে জানিয়েছে বোর্ডের একটি সূত্র। আফ্রিকা মহাদেশের এয়ারলাইনসগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে ভালো ইথিওপিয়ান এয়ারলাইনসই।