
চরম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে সময় পার করছে শ্রীলঙ্কার মানুষ। এমন সময়ে তাদের মনে প্রশান্তি এনে দিতে পারে দেশটির ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল শুরু হচ্ছে এশিয়া কাপ টি–টোয়েন্টি। এই টুর্নামেন্টের শিরোপা জিতে দেশের মানুষের মনে প্রশান্তি এনে দিতে চান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।
শ্রীলঙ্কার এশিয়া কাপ অভিযান শুরু হচ্ছে আগামীকাল, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দিয়ে। দুবাইয়ে সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। প্রথম ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে শানাকা বলেছেন, ‘ক্রিকেট সব সময়ই শ্রীলঙ্কার মানুষের মনে আলাদা একটা শিহরণ জাগায়। জয় হচ্ছে সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার। আমরা তাই দেশকে কিছু দিতে উন্মুখ হয়ে আছি।’
এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কাতেই। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটিতে চলছে খাদ্য আর জ্বালানি–সংকট। দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে টুর্নামেন্টটি সরিয়ে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে।
দেশের মাটিতে এশিয়া কাপ খেলতে পারলে দলের জন্য খুব ভালো হতো বলে মনে করেন শানাকা, ‘শ্রীলঙ্কায় টুর্নামেন্টটি হলে আমাদের জন্য আরও ভালো হতো। কারণ, সেখানে দর্শক–সমর্থন আরও বেশি পেতাম। ঘরের মাঠের কন্ডিশন বড় একটা সুবিধা।’
শিরোপা জয়ের স্বপ্ন দেখলেও নিজেদের ফেবারিট বলতে পারছেন না শানাকা। শিরোপা জয়ের ফেবারিট কোন দল—এমন এক প্রশ্নের উত্তরে শানাকা বলেছেন, ‘ফেবারিটের প্রশ্ন এলে ভারত এই মুহূর্তে এগিয়ে। কিন্তু টি–টোয়েন্টিতে ফেবারিট বলে কিছু নেই। নির্দিষ্ট দিনে আমরা যদি ভালো ক্রিকেট খেলি, আমরাও ফেবারিট হতে পারি।’
অনেকেই ধরে নিচ্ছেন, এবারের এশিয়া কাপের ফাইনাল হতে পারে ভারত–পাকিস্তানের মধ্যে। তবে শ্রীলঙ্কা এই সম্ভাবনায় জল ঢেলে দিতে পারার মতো দল বলেও মনে করেন অনেকে। ঘরের মাঠে লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে সাদা বলের সিরিজ জিতিয়েছেন শ্রীলঙ্কাকে। আরব আমিরাতেও তিনি বড় ভূমিকা রাখতে পারেন বলেই বিশ্বাস শানাকার।
শ্রীলঙ্কার অধিনায়ক শানাকা আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের মূল স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা অবশ্যই বড় ভূমিকা রাখবে। গত দুই–তিন মাসে আমরা কিছু ভালো সিরিজ খেলেছি।’