
দুই দিন আগেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ট্রফি হাতে নিয়ে উল্লাস করেছেন। ৫৮৮ রান করে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও পাকিস্তানের ব্যাটিংয়ে মূল ভরসা ছিলেন তিনিই। তবে সেই বাবর সিরিজের প্রথম টেস্ট থেকে বাঁ হাঁটুর চোটে ছিটকে গেলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আজ রাতে এ তথ্য জানানো হয়েছে।
পিসিবির সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাঁ হাঁটুর চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে পাকিস্তান ব্যাটসম্যান বাবর আজমকে পাওয়া যাবে না।’ বিবৃতিতে জানানো হয়, বর্তমানে বাবরের চোট পর্যবেক্ষণ করা হচ্ছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে।
পিসিবির বিবৃতিতে ইঙ্গিত, সিরিজের দ্বিতীয় টেস্টেও বাবরের খেলা অনিশ্চিত।
বাবর পুরো সিরিজ থেকে ছিটকে গেলে সেটি পাকিস্তানের জন্য বড় ধাক্কাই হবে। টেস্টে সর্বশেষ ইনিংসেও ফিফটি আছে তাঁর, যদিও সেঞ্চুরি নেই ৩০ ইনিংস ধরে।
সাদা বলের ক্রিকেটে সময়টা অবশ্য দারুণ কাটছে বাবরের, ওয়ানডেতে এক ম্যাচ আগেই সেঞ্চুরি আছে। সর্বশেষ পিএসএলে করেছেন ২ সেঞ্চুরি।