পাকিস্তান-ইংল্যান্ড ফাইনাল দেখছেন পিটারসেন

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হারের পর পাকিস্তানকে নিয়ে বাজি ধরার লোক খুব কমই ছিল। তবে রোমাঞ্চের নানা অলিগলি পেরিয়ে সেই পাকিস্তানই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে প্রথম সেমিফাইনাল। কিউইরা টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ফেবারিট। তবে ধারাবাহিক নিউজিল্যান্ড নয়, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসনের বাজি পাকিস্তানের পক্ষে।

ভারত-ইংল্যান্ড অপর সেমিফাইনালে পিটারসনের বাজির ঘোড়া ইংল্যান্ড। অনেকেই ভারত-পাকিস্তান ফাইনালের স্বপ্ন দেখলেও শিরোপা জয়ের লড়াইয়ে পাকিস্তান-ইংল্যান্ড মুখোমুখি হওয়ার সম্ভাবনাই বেশি দেখছেন পিটারসন। তবে ভারতকে হারানোর জন্য একটা শর্তও জুড়ে দিয়েছেন এই ব্যাটসম্যান।

বেটিং প্ল্যাটফর্ম বেটওয়েতে নিজের এক কলামে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার লেখেন, ‘সবাই পাকিস্তান-ভারত ফাইনাল দেখতে চায়। তবে ইংল্যান্ড-পাকিস্তান ফাইনাল হওয়ার সম্ভাবনাও আছে।’ ইংল্যান্ডকে নিয়ে পিটারসেন লেখেন, ‘আমার মনে হয় অ্যাডিলেডে ইংল্যান্ড ভারতকে হারাবে। ইংল্যান্ডের সামর্থ্যের কারণে সত্যিই এটাই বিশ্বাস করি। তবে সে জন্য শুধু বিরাট কোহলিকে সেদিন বিশ্রাম নিতে হবে। সেদিন কোহলির ব্যাট যেন না হাসে।’

কেভিন পিটারসেন

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে ১০ উইকেট নিয়েছেন স্যাম কারেন। ইংল্যান্ডের এই বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডারে মুগ্ধ পিটারসন। পিটারসন বলেন, ‘আমি বাঁহাতি পেসারদের ভক্ত। ছোট সংস্করণে বাঁহাতি পেসাররা ভিন্ন অ্যাঙ্গেলে বল করতে পারে। আমরা ডানহাতি পেসারদের খেলেই বড় হয়েছি। তাই কিছুটা ভিন্ন অ্যাঙ্গেলে বাঁহাতি পেসারদের বোলিং দেখতেই আমার বেশি পছন্দ। আমি দলে একজন কিংবা দুজন বাঁহাতি পেসার নেওয়ার পক্ষপাতি। কারেন এই চাহিদাটা খুব ভালোভাবেই মেটাচ্ছে।’

সিডনিতে আজ বাংলাদেশ সময় বেলা দুইটায় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আগামীকাল অ্যাডিলেডে বেলা দুইটায় দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ভারত-ইংল্যান্ড। ফাইনাল ১৩ নভেম্বর মেলবোর্নে।