সুনীল গাভাস্কার
সুনীল গাভাস্কার

সৌরভকে গাভাস্কার

সৌরভ তুমি আর বিসিসিআই সভাপতি নও, আমার জার্সিটা দিয়ে দাও

ক্রিকেটারদের ফুটবল প্রেম খুবই সাধারণ ঘটনা। এই তো আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর অনুশীলনে মেসির জার্সি পরে আলোচনায় এসেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিশ্বকাপ ফাইনাল উপভোগ করতে অনেক ক্রিকেট তারকা কাতারেও পৌঁছে গিয়েছিলেন। এবার নিজের ফুটবল প্রেমের গল্প বলেছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার।

শুধু তা–ই নয়, পছন্দের ক্লাব আর্সেনালের প্রিয় খেলোয়াড় থিয়েরি অঁরি একটি জার্সি তাঁকে সই করে সৌরভ গাঙ্গুলীর হাতে দিয়েছিলেন। যদিও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর কাছ থেকে জার্সিটি বুঝে পাননি ‘লিটল মাস্টার’ খ্যাত এই ক্রিকেটার। তাই সুযোগ পেয়ে সৌরভকে সেই জার্সির কথা মনে করিয়ে দিয়েছেন গাভাস্কার। বলেছেন, সামনের মাসে যখন কলকাতা যাবেন জার্সিটি নিতে আসবেন।

বাংলাদেশ–ভারতের দ্বিতীয় টেস্ট চলাকালে সনি স্পোর্টস নেটওয়ার্কের দ্য এক্সট্রা ইনিংস অনুষ্ঠানে নিজের ফুটবল প্রেম নিয়ে কথা বলেছেন গাভাস্কার। নিজেকে আর্সেনালের অনুসারী দাবি করে কিংবদন্তি এই ক্রিকেটার বলেছেন, ‘আমি আর্সেনালের অনুসারী। আমি নিজেকে অনেক বড় ভক্ত বলব না। তবে লম্বা সময় ধরে আমি ক্লাবটির অনুসারী। আমার ছেলে ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত। আমি তাকে এটা নিয়ে খ্যাপাই।’

সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী

এ সময় নিজের পছন্দের খেলোয়াড় হিসেবে অঁরির কথাও বলেছেন গাভাস্কার, ‘অঁরি এমন একজন, যাকে আমি খেলতে দেখে প্রশংসা করতাম। সে আমার জন্য একটি শার্টও সই করে দিয়েছিল।’

এটুকু বলার পরই গাভাস্কারের মনে পড়ে সৌরভের কথা। যাঁর কাছে আছে গাভাস্কারের জন্য দেওয়ার অঁরির সেই জার্সিটি। আগামী মাসে ভারত–শ্রীলঙ্কা সিরিজ কাভার করতে গিয়ে সেটি নিয়ে আসবেন বলেও জানান সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার।

গাভাস্কার বলেছেন, ‘সৌরভ, কী খবর? জার্সিটা কোথায়? আমি ১২ তারিখ কলকাতা আসছি। আর সৌরভ আমি এবার কোনো অজুহাত শুনতে চাই না। তুমি এখন আর বিসিসিআইর সভাপতি নও। এখন তোমার হাতে কিছু বাড়তি সময়ও আছে। সেই জার্সিটা খুঁজে বের করো, যেটা অঁরি আমার জন্য সই করে দিয়েছিল। আমি যখন আসব, তখন সেটা আমাকে দিয়ো।’