৫টি ছক্কা মেরেছেন পারভেজ হোসেন
৫টি ছক্কা মেরেছেন পারভেজ হোসেন

পারভেজের ঝোড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের জোড়া উইকেট—লাহোরের সহজ জয়

মোস্তাফিজুর রহমান উইকেট–সাফল্যের মধ্যে থাকলেও রানের মধ্যে ছিলেন না পারভেজ হোসেন। লাহোর কালান্দার্সে খেলা বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটসম্যান আজ ঘুরে দাঁড়িয়েছেন। মুলতান সুলতানসের বিপক্ষে খেলেছেন ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস। একই দলে মোস্তাফিজও খালি হাতে ফেরেননি। নিয়েছেন ৩৭ রানে ২ উইকেট।

দুই বাংলাদেশির নৈপূণ্যের ম্যাচে মুলতানকে ২০ রানে হারিয়েছে লাহোর। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে লাহোর তোলে ৫ উইকেটে ১৮৫ রান। তাড়া করতে নেমে মুলতান আটকে যায় ৫ উইকেটে ১৬৫ রানে।

আগের দুই ম্যাচে ১৪ ও ১২ রান করে আউট হয়ে যাওয়া পারভেজের আজকের শুরুটাও ছিল নড়বড়ে। প্রথম ৯ বলে করেছিলেন ৭ রান। এরপর হাত খুলেন মোহাম্মদ নেওয়াজকে টানা দুই ছক্কা এক চারসহ ৫ বলের মধ্যে মোট ১৯ রান নিয়ে।

আরেক বাঁহাতি স্পিনার ফয়সাল আকরামের বলে মারেন টানা তিন ছক্কা। মিডিয়াম পেসার মোহাম্মদ ইসমাইলের বলে বাউন্ডারিতে ক্যাচ না হলে ফিফটিও পেয়ে যেতন দ্রুতই। ১৯ বলে ৪৫ রানের ইনিংসটিতে ছিল ৫ ছক্কা ও ২ চার।

পারভেজের পর বল হাতে জ্বলে ওঠেন মোস্তাফিজও। আগের দুই ম্যাচে ১ উইকেট করে পাওয়া এই বাঁহাতি পেসার মুলতানের বিপক্ষে ৩ ওভার করে নেন সাহিবজাদা ফারহান ও শান মাসুদের উইকেট।

ওপেনিংয়ে নামা ফারহান ২৪ রান করে লং অনে ক্যাচ দিয়ে আর দলের দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করা মাসুদ এলবিডব্লুতে আউট হন।