জাতীয় দলের কোচ ফিল সিমন্সের সঙ্গে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন
জাতীয় দলের কোচ ফিল সিমন্সের সঙ্গে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন

অস্ট্রেলিয়ার দল দেখে নাজমুল বললেন, ‘এটা আমাদের অর্জন’

নাজমুল হোসেন এসেছিলেন নতুন কুঁড়ি ক্রিকেটের ফাইনালের পুরস্কার বিতরণে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুরুতেই জানিয়ে দেন, অনুষ্ঠানের বাইরের প্রসঙ্গে প্রশ্নের উত্তর দেবেন না। কিন্তু বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক যখন কথা বলেন, তখন খেলার প্রসঙ্গ কি এড়ানো সম্ভব?

নাজমুলও পারেননি। আগস্টে দুই টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ দল। ২৩ বছর পর খেলতে যাওয়া সিরিজটি নিয়ে কথা বলেছেন তিনি।

মঙ্গলবার দুই ম্যাচের সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে আছেন তিন অভিজ্ঞ ক্রিকেটার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে তাঁরা নিয়মিত খেলতে পারেননি। ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেনসহ অস্ট্রেলিয়ার নিয়মিত টেস্ট ব্যাটসম্যানরাও আছেন দলে। দুই দলের শক্তি-সামর্থ্যের বড় ব্যবধান আর তুলনামূলক কম আলোচিত সিরিজের জন্য অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দল ঘোষণাটি অনেককে চমকে দিয়েছে।

এ নিয়েই জানতে চাওয়া হয়েছিল নাজমুলের কাছে। উত্তরে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে তো এ রকম এর আগে আমি কখনো দেখিনি। আমাদের দলের সঙ্গে খেলার সময় হয়তো অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়ে থাকে। আমি বলব, দল হিসেবে এটা একটা অর্জন আমাদের।’

পরে কেন এটা ‘অর্জন’ ওই কারণও ব্যাখ্যা করেছেন নাজমুল, ‘যে দল দিয়েছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ ওদের বিপক্ষে কত ভালো খেলতে পারি। ইতিমধ্যে আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি এই টেস্ট দলটা নিয়ে। কারণ, আপনি যদি প্রতিপক্ষের স্কোয়াডটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে তারা এই সিরিজটা হালকাভাবে নেয়নি।’

বাংলাদেশের জন্য অবশ্য অস্ট্রেলিয়া সিরিজের আগে হাজির হয়েছে দুশ্চিন্তাও। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে চোটে পড়েছেন দুর্দান্ত ফর্মে থাকা নাহিদ রানা। আগে থেকেই চোটে ভুগতে থাকা লিটন দাসও এখন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাঁর থাকাটাও নিশ্চিত নয়।

তবে এ নিয়ে কোনো কথা বলতে চাননি নাজমুল, ‘এগুলো আসলে ফিজিও, ট্রেনার এবং ম্যানেজমেন্ট গ্রুপ থেকে সিদ্ধান্ত নেবে। তারা ওভাবেই ম্যানেজ করছে।’