টেম্বা বাভুমা
টেম্বা বাভুমা

বাভুমা–রাবাদাদের বিশ্রাম দিয়ে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন কেশব মহারাজ। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা পায়ের পেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে টেম্বা বাভুমার অনুপস্থিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। প্রথম টেস্টের একাদশে সুযোগ না পাওয়া মহারাজ এই টেস্টেও খেলবেন না। তাঁর জায়গায় টেস্ট দলে ডাকা হয়েছে বাঁহাতি স্পিনার ও অলরাউন্ডার সেনুরান মুতুসামিকে।

ওয়ানডে দলে চোট কাটিয়ে ফিরেছেন লুঙ্গি এনগিডি। মৌসুমের শুরুতে ঘরোয়া ক্রিকেটের প্রথম পর্বে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন এই পেসার। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবার মাঠে ফিরবেন তিনি। নর্কিয়া, বশ, জেরাল্ড কোয়েটজি, ডুয়ান ইয়ানসেন ও এনকোবানি মোকোয়েনার সঙ্গে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে থাকবেন এনগিডি।

ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার ভরসা কুইন্টন ডি কক, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও ক্রিস্টিয়ান স্টাবস। দুই ওয়ানডে খেলা উইকেটকিপার-ব্যাটসম্যান সিনেথেম্বা কেশিলেও আছেন দলে। ২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তাঁর।

টি-টোয়েন্টি সিরিজেও পরীক্ষা-নিরীক্ষা চালাবে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক মার্করাম বিশ্রামে থাকায় নেতৃত্ব দেবেন বিয়র্ন ফরটুইন। চলতি বছরের শুরুতে নামিবিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। টি-টোয়েন্টি দলে ফিরেছেন বাঁহাতি পেসার কোয়েনা মাফাকাও। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিরেছেন তরুণ এই পেসার।

সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ

ওয়ানডে সিরিজের জন্য টেস্ট দলের বেশির ভাগ ক্রিকেটারকেই বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে ৫০ ওভারের দলে রাখা হয়েছে আনরিখ নর্কিয়া, করবিন বশ ও টনি ডি জর্জিকে। তাঁদের মধ্যে বশ ও ডি জর্জি প্রথম টেস্টে খেলেননি। আর নর্কিয়ার দ্বিতীয় টেস্টে খেলার মতো ফিট হয়ে ওঠার কথা। ২০২৩ বিশ্বকাপের আগে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন নর্কিয়া।

বাভুমা ছাড়াও সাদা বলের নিয়মিত ক্রিকেটারদের মধ্যে এই দুই সিরিজে থাকছেন না মার্করাম, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন। ইংল্যান্ডের বিপক্ষে আরও তিনটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। ওই সিরিজের জন্য তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে।

আগামী পহেলা ডিসেম্বর প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা, ৪ ও ৭ ডিসেম্বর পরের দুই ম্যাচ। টি–টুয়েন্টির তিনটি ম্যাচ হবে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।

ওয়ানডে দল

কেশব মহারাজ (অধিনায়ক), ডেভাল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরটুইন, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আনরিখ নর্কিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।

টি-টুয়েন্টি দল

বিয়র্ন ফরটুইন (অধিনায়ক), ডেভাল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর ইস্টারহিউজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।