পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন আলজারি জোসেফ
পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন আলজারি জোসেফ

স্যামির মন্তব্যে জোসেফের পাল্টা: ‘আমি ওয়েস্ট ইন্ডিজের, ড্যারেন স্যামির নয়’

ইচ্ছা করে খেলেননি নাকি চোটের জন্য খেলতে পারেননি—এই প্রশ্নে এখন মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি ও পেসার আলজারি জোসেফ।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে চলমান টেস্ট সিরিজের দল থেকে জোসেফ নিজেই সরে দাঁড়িয়েছেন—স্যামির এমন কথায় জোসেফ বলেছেন, ‘প্রসঙ্গ ছাড়াই বিতর্কিত মন্তব্য।’

২৩ জুলাই পাকিস্তান সিরিজের দল ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। সেই বিবৃতিতে জোসেফের অনুপস্থিতির কারণ হিসেবে বলা হয়েছিল ‘ব্যক্তিগত কারণ।’

এর ঠিক পরের দিন সংবাদ সম্মেলনে স্যামি বলেন, ‘জোসেফ নিজেই দলে থাকতে চায়নি। এটাই বাস্তবতা। তাকে দলে নেওয়া হয়েছিল। চোট থেকে ফিরছিল সে। এরপর নানা কারণে সে থাকতে চায়নি।’

অ্যান্টিগা অবজারভারের ‘গুড মর্নিং জোজো স্পোর্টস শো’-তে জোসেফ স্যামির এই মন্তব্যের জবাব দিয়েছেন, ‘প্রধান কোচের সঙ্গে আমার কথা হয়েছে। সিডব্লিউআইয়ের সঙ্গেও কথা হয়েছে। সিডব্লিউআইয়ের বিবৃতিতে যদি লক্ষ করেন, সেখানে বলা হয়েছিল ব্যক্তিগত কারণ। স্যামি অনেক দিন ধরে এই পরিবেশে আছেন, তিনি ভালো করেই জানেন এই বিবৃতি কী প্রভাব ফেলবে। তাই সত্যি বলতে, তাঁর মন্তব্য নিয়ে আমার আর কিছু বলার নেই। তিনি জানেন এই বিবৃতি জনসমক্ষে কোন বার্তা ছড়াবে।’

ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি

জোসেফ ব্যাখ্যা করেছেন, পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণেই তিনি সতর্ক থাকতে চেয়েছিলেন। এই চোটের কারণে তিনি ভারত ও নিউজিল্যান্ড সফর মিস করেন, এরপর জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে মাঠে ফেরেন। প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি।

জোসেফ বলেন, ‘পুরো একটা বছর আমি মাঠের বাইরে ছিলাম। দ্বিতীয়বার স্ট্রেস ফ্র্যাকচারের পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলিনি। এখানে দুটি টেস্ট খেলা, এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা পাঁচটি ওয়ানডে খেলা এবং শরীর কেমন সাড়া দিচ্ছে—এসব নিয়ে আমাদের আলোচনা হয়েছিল। আমি নিজেই বুঝতে পেরেছিলাম, আরেকটি টেস্ট সিরিজের জন্য আমার শরীর প্রস্তুত নয়। তাই এই বিবৃতিটাই প্রসঙ্গ ছাড়া বিতর্কিত মন্তব্য।’

স্যামির মন্তব্য ও জোসেফের এই জবাবের পর দুজনের সামনের দিনগুলোয় একসঙ্গে কাজ করা কঠিন হয়ে পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে জোসেফ বলেন, ‘আমি একজন পেশাদার, তাই আমি কাজে যাব। আমি ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করছি, ড্যারেন স্যামির নয়। তাই আমার কাছে সম্পর্কের বিষয়টি খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমি সেখানে বন্ধু বানাতে যাই না। আমি যাই কাজ করতে, দায়িত্ব পালন করতে এবং ওয়েস্ট ইন্ডিজের মানুষের প্রতিনিধিত্ব করতে।’

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই সিরিজের পর সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে সীমিত ওভারের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।