আজ সিরিজটা জিতে ফেলতে চায় বাংলাদেশ
আজ সিরিজটা জিতে ফেলতে চায় বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডে আজ

সিরিজ জয়ের ম্যাচে সতর্ক বাংলাদেশ 

আজ ভারতকে হারালেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে বাংলাদেশ।

একপর্যায়ে অনেকেই ভাবতে লাগলেন, আর অপেক্ষা নয়। এবার ফিরে যাওয়া যাক। শিখর ধাওয়ান হয়তো আসবেনই না।

মিরপুরে কাল ধাওয়ানের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল ভারতের অনুশীলন শুরুর আগে, সেটা হয়নি। দলটির মিডিয়া ম্যানেজার এসে জানিয়ে গেলেন, ধাওয়ান ব্যাটিং অনুশীলনে নেমে গেছেন। পৌনে এক ঘণ্টা থেকে এক ঘণ্টা পর তিনি সংবাদ সম্মেলনে আসবেন। সেই সময়সীমা পেরিয়েও যখন ধাওয়ানের দেখা নেই, ও রকম ভাবাটা স্বাভাবিক যে তিনি হয়তো আর আসবেনই না।

প্রথম ম্যাচের হিরো হিসেবে মিরাজ পাচ্ছেন বাড়তি মনোযোগ

এক দিন আগেই ৩৮-এ পা দেওয়া ধাওয়ান অবশ্য পরে এসেছেন। আজকের দ্বিতীয় ওয়ানডে নিয়ে কথা বলেছেন, যেটি ভারতের জন্য হয়ে গেছে অনেকটা বিশ্বকাপ ফুটবলের নকআউট ম্যাচের মতো—হারলেই সিরিজ হার। ধাওয়ানের হাসিমাখা মুখের সংবাদ সম্মেলনে অবশ্য বোঝা গেল না, তাঁরা এ নিয়ে টেনশনে আছেন। ধাওয়ান বোঝালেন, সিরিজের প্রথম ম্যাচে আগেও ভারত হেরেছে, হেরে পরে সিরিজও জিতেছে। কাজেই এ নিয়ে চিন্তার সাগরে ভেসে যাওয়ার কিছু নেই।

শিখর ধাওয়ানের কথার সঙ্গে মিল আছে ভারতীয় দলের ভাবসাবেরও। এই যে তিনি সবাইকে এতটা অপেক্ষায় রেখে তারপর সংবাদ সম্মেলনে এলেন, কেন? ড্রেসিংরুমে কি সিরিয়াস কোনো টিম মিটিং বসেছিল? নাকি নেটে অনুশীলনের সীমা বাড়িয়ে দিয়েছিলেন প্রথম ওয়ানডেতে মাত্র ৭ রান করে আউট হয়ে যাওয়া ভারত ওপেনার? না, এর কিছুই নয়। খোঁজ নিয়ে জানা গেছে, ওই সময় ড্রেসিংরুমে গল্প-আড্ডায় মেতে উঠেছিলেন ভারতীয়রা। সেটি এতটাই জমে উঠেছিল যে সেখান থেকে ধাওয়ানও পারছিলেন না উঠে আসতে।

সিরিজ জয়ের ম্যাচের আগে এটা বাংলাদেশ দলের জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা যে প্রথম ম্যাচে হেরে গিয়েও ভারতীয় দল নির্ভার আছে। মিরাজ-মোস্তাফিজের বীরত্বে আসা প্রথম ম্যাচের জয়ের পরও আহত বাঘের সামনে পড়ার আগে বাংলাদেশেরই বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। তা ছাড়া প্রথম ওয়ানডেটা বাংলাদেশ জিতলেও জিতেছে তো কিছু ফাঁকফোকর রেখে!

ফুটবল খেয়ে গা গরম করে নেওয়া

১৮৬ রানের ম্যাচ জিততে শেষ উইকেট জুটির জন্য ৫১ রান রেখে দেওয়াটা টপ আর মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতাই ফুটিয়ে তোলে। জয়ের তাৎক্ষণিক উল্লাসের নিচে হয়তো সেই ভুলত্রুটি ঢাকা পড়ে গিয়েছিল, কিন্তু ২০১৫ সালের পর ঘরের মাঠে ভারতের বিপক্ষে আরেকটি সিরিজ জয়ের উপলক্ষের আগে ঠিকই সেসব মাথাচাড়া দিয়ে উঠছে। বাংলাদেশ ড্রেসিংরুমে উপলব্ধি, ও রকম ভুলত্রুটি সঙ্গী করে আরেকবার ভারতকে হারানোটা প্রায় অসম্ভব। কোচ রাসেল ডমিঙ্গো সেটাই মনে করিয়ে দিলেন ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে।

ওই বিপর্যয়ের পরও পাওয়া রোমাঞ্চকর জয়ের অবশ্য অন্য অর্থও আছে ডমিঙ্গোর অভিধানে। তিনি তাতে খুঁজে পান দলের লড়াকু মানসিকতা, খাদের কিনার থেকে ফিরে আসার সাহস। কিন্তু সেই মানসিকতা আর সাহস ওই এক ম্যাচেই সীমাবদ্ধ থেকে যাবে নাকি যখনই বাংলাদেশ ও রকম পরিস্থিতিতে পড়বে, তখনই তা সঞ্চারিত হবে মিরাজ-সাকিবদের খেলায়?

এ নিয়ে খুব বেশি তর্কের অবশ্য সুযোগ নেই। কারণ, ওয়ানডের বাংলাদেশ এখন অহরহই দ্বিতীয়টি প্রমাণ করে দেখাচ্ছে। এ বছরই দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সিরিজ জয় ওয়ানডেতে বাংলাদেশের ভালো দল হয়ে ওঠার সনদে অতি গুরুত্বপূর্ণ এক সিলমোহর।

তবে এটা যেমন আশা দেখাচ্ছে, তেমনি বড় এক দায়িত্বও তুলে দিয়েছে বাংলাদেশ দলের কাঁধে। ওই ভালো দলের সিলমোহরটাকে স্পষ্ট চেহারায় ধরে রাখার দায়িত্ব। ওয়ানডের বাংলাদেশ প্রসঙ্গে ডমিঙ্গোও বলে ফেললেন কথাটা। 

এর বাইরে আর একটাই চিন্তা, সেটা একাদশ নিয়ে। এমনিতে খুব জরুরি না হলে জয়ী দলে পরিবর্তন আনতে চায় না টিম ম্যানেজমেন্ট। এর মধ্যেও যদি কোনো পরিবর্তন হয়ই, পেসার হাসান মাহমুদের জায়গায় হয়তো শরীফুল ইসলাম আসতে পারেন। কথা ছিল পিঠের চোটে ভোগা আরেক পেসার তাসকিন আহমেদ প্রথম ম্যাচে বিশ্রাম নিয়ে দ্বিতীয় ওয়ানডে খেলতে পারেন। মোটামুটি সুস্থ হয়ে দলে যোগ দেওয়া তাসকিন কাল ৫-৬ ওভার বোলিংও করেছেন। কিন্তু একটা ম্যাচ জিতে থাকায় বাড়তি ঝুঁকি না নিয়ে তাঁকে আরেকটু বিশ্রামে রাখবে টিম ম্যানেজমেন্ট।

সিরিজ জয়ের ম্যাচের আগে এই একটা জায়গাতেই মনে হচ্ছে বাংলাদেশ চাপ নিচ্ছে না। নয়তো পিছিয়ে থেকেও ভারতের নির্ভার মনোভাব বাংলাদেশ দলের জন্য বড় এক সতর্কসংকেতই।