টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের আটটি দল চূড়ান্ত হয়েছে। চারটি করে দল নিয়ে দুটি গ্রুপ করা হয়েছে যেখানে গ্রুপ ‘১’-এ রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। এ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে কোন দুটি দল? পাকিস্তানের জনপ্রিয় টক শো ‘হার না-মানা হ্যায়’ অনুষ্ঠানে এ প্রশ্ন করা হয়েছিল মোহাম্মদ আমিরকে। পাকিস্তান জাতীয় দলের সাবেক এই পেসার মনে করেন, ভারত সেমিফাইনালে উঠতে পারবে না।
একই অনুষ্ঠানে আমিরের সঙ্গে পাকিস্তানের সাবেক উইকেটকিপার রশিদ লতিফ ও সাবেক ওপেনার আহমেদ শেহজাদও উপস্থিত ছিলেন। শেহজাদ মনে করেন, গ্রুপ ‘১’ থেকে সেমিফাইনালে উঠবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। রশিদ লতিফও মনে করেন, সেমিফাইনালে উঠবে ভারত। তবে এই গ্রুপ থেকে ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকেও সেমিফাইনালে দেখেন তিনি। রশিদ লতিফ আরও মনে করেন, সেমিফাইনালে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে।
কিন্তু আমির ভিন্নমত পোষণ করেন। তাঁর বিশ্বাস, গ্রুপ ‘১’ থেকে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলবে। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ানো এ বাঁহাতি পেসার ভারতকে সেমিফাইনালে না দেখার ব্যাখ্যায় বলেন, ‘আপনি যদি তাদের (ভারত) ম্যাচগুলো দেখেন, পাকিস্তানের সঙ্গে ম্যাচটি ছাড়া সব ম্যাচেই ব্যাটিংয়ে ধস নেমেছে। সুপার এইটের ম্যাচগুলোতে চাপ আরও বাড়বে। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তারা যেকোনো দলকে হারাতে পারে।’
আমির এই কথা বলার সময় সঞ্চালক জিম্বাবুয়ের প্রসঙ্গও টানেন। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল হিসেবে সুপার এইটে উঠেছে জিম্বাবুয়ে। তারা আবারও অঘটন ঘটাতে পারবে কি না, এই প্রশ্নের উত্তরে আমির বলেন, ‘টি-টুয়েন্টিতে যেকোনো কিছুই ঘটতে পারে।’
তবে আমির এরপর নিজের কথার পক্ষে যুক্তি দেন, ‘ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররাও খুব ভালো। মোতি ও আকিল আছে। হোল্ডার এবং শামার জোসেফও ভালো বোলিং করছে। ওদের ব্যাটিং দেখুন, রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল কিংবা অন্য কেউ যেকোনো সময়ে ৩০ বলে ৭০-৮০ রান করতে পারে। ওরাই সবচেয়ে বিপজ্জনক দল। দক্ষিণ আফ্রিকার কথা বলছি কারণ ওদের ফাস্ট বোলিং পরিপূর্ণ, স্পিন বিভাগও পরিপূর্ণ। ব্যাটিংও খুব ভালো। আমার তাই ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা উঠবে বলেই মনে হয়।’
সুপার এইটে দুটি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। গ্রুপ ‘২’–এর চার দল—শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই গ্রুপ থেকে কোন দুটি দল সেমিফাইনালে উঠবে? সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে শেহজাদ বলেন, ‘পাকিস্তান ও নিউজিল্যান্ড।’
রশিদ লতিফ মনে করেন, এই গ্রুপ থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কা উঠবে সেমিফাইনালে। রশিদ স্বীকার করেন তিনি এ কথা ক্রিকেটীয় বিশ্লেষণ থেকে বলেননি। এটা তাঁর মনের চাওয়া। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে রশিদ লতিফ মনে করেন, পাকিস্তান ও নিউজিল্যান্ড উঠবে সেমিফাইনালে। আমিরও মনে করেন এই গ্রুপ থেকে নিউজিল্যান্ড এবং পাকিস্তানই উঠবে শেষ চারে।
পাকিস্তানকে সেমিফাইনালে দেখার কারণ হিসেবে আমিরের যুক্তি, ‘আমার মনে হয় ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আমাদের স্পিনারদের ভালোভাবে সামলাতে পারবে না। পাকিস্তানের তাই ভালো সুযোগ আছে। আর নিউজিল্যান্ড তো ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে।’
সুপার এইটের খেলা শুরু হবে আগামীকাল থেকে। কলম্বোয় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। পরদিন আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।