পার্থ টেস্টে ১২৮ রানে ৬ উইকেট নেন নাথান লায়ন
পার্থ টেস্টে ১২৮ রানে ৬ উইকেট নেন নাথান লায়ন

লায়নের স্পিনে পার্থ টেস্ট অস্ট্রেলিয়ার

শেষ দিনে ৩০৬ রানের দরকার মেটাতে ওয়েস্ট ইন্ডিজের মূল ভরসা ছিলেন অধিনায়ক ক্রেগ ব্রাফেট। কিন্তু ১০১ রানে অপরাজিত থাকা এই ডানহাতি পঞ্চম দিনে যোগ করতে পারলেন মাত্র ৯ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়ের সম্ভাবনা তখনই শেষ।

অষ্টম উইকেটে রোস্টন চেজ আর আলজারি জোসেফরা বেশ কিছুটা সময় ব্যাটিং করে গেলেও হার ঠেকাতে পারেননি। অস্ট্রেলিয়ার দেওয়া ৪৯৮ রানের পেছনে ছুটতে গিয়ে ক্যারিবীয়রা অলআউট ৩৩৩ রানে। ১৬৪ রানে ম্যাচ জিতে দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

পার্থের অপটাস স্টেডিয়ামে এই ম্যাচে পেস বোলাররা দাপট দেখাবেন বলে মনে করা হয়েছিল। উইকেটে ১০ মিলিমিটার ঘাস ফিরিয়ে আনছিল পার্থের পেসবান্ধব মাঠ ওয়াকা স্টেডিয়ামের স্মৃতি। তবে শেষ পর্যন্ত খুব বেশি বিধ্বংসী হতে পারেননি পেসাররা। ছড়ি ঘুরিয়েছেন স্পিনাররা। চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেটের ৬টিই নিয়েছেন নাথান লায়ন। এর আগে প্রথম ইনিংসেও নেন ২ উইকেট।

পঞ্চম দিনে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে প্রথম ভাঙন ধরান লায়ন। ১০ রান করা কাইল মায়ার্সকে স্টিভেন স্মিথের ক্যাচ বানিয়ে ব্যক্তিগত এক মাইলফলকও স্পর্শ করেছেন। ভারতের রবিচন্দ্রন অশ্বিনের ৪৪২ উইকেট টপকে ৩৫ বছর বয়সী লায়নই এখন টেস্ট ক্রিকেটের অষ্টম সর্বোচ্চ উইকেটশিকারি।

তবে পার্থ টেস্টের শেষ দিনে লায়নের সবচেয়ে বড় শিকার ব্রাফেট। উইকেট আঁকড়ে থাকার চেষ্টা করা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে জোরের সঙ্গে (ঘণ্টায় ৯৭ কিলোমিটার) করা ডেলিভারিতে বোল্ড করেন। টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি করা ব্রাফেট থামেন ১৮৮ বলে ১১০ রান করে। দিনে তখন মাত্র প্রথম ঘণ্টা।

হারের পথে থাকা ওয়েস্ট ইন্ডিজ এরপরও তিন ঘণ্টার বেশি ব্যাটিং করে গেছে। অষ্টম উইকেটে রোস্টন চেজ আর আলজারি জোসেফ মিলে কাটিয়ে দেন ১৯.৪ ওভার, তোলেন ৮২ রান। ৭২ বলে ৪৩ রান করা জোসেফকে বোল্ড করে জুটিটি ভাঙেন ট্রাভিস হেড। ৮৫ বলে ৫৫ রান করা চেজকে থামান লায়ন।

পার্থ টেস্ট জিতে ১–০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

ম্যাচসেরার পুরস্কার উঠেছে অবশ্য প্রথম ইনিংসে ২০৪ আর দ্বিতীয় ইনিংসে ১০৪* রানের ইনিংস খেলা মারনাস লাবুশেনের হাতে।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ ডিসেম্বর অ্যাডিলেডে।