হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নাথান অ্যালিসের বাউন্সারে তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। এরপর মাঠেই তাঁকে বমি করতেও দেখা গেছে।
আঘাত পাওয়ার পর খেলা চালিয়ে গেলেও ম্যাচের পর মিরাজকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তবে স্ক্যান রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি। আজ বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, মিরাজ এরই মধ্যে বাসায়ও ফিরে গেছেন।
ভিডিও বার্তায় নাফিস বলেন, ‘মিরাজ বাসায় ফিরেছে। ১২ ঘণ্টার মতো পর্যবেক্ষণে ছিল। তাঁর মাথায় একটা বাউন্সারে আঘাত লেগেছিল, তারপর একটু বমি হয়। যেটা কিছুটা চিন্তার ছিল। এরপরও সে খেলা চালিয়ে যায়। খেলার পর দ্রুতই বিসিবির ডাক্তার, ফিজিওরা সিদ্ধান্ত নেন তাঁকে এভারকেয়ারে পাঠানো হবে।’
নাফিস এরপর যোগ করেছেন, ‘যদিও সে (তখনই) ভালো বোধ করছিল। এভারকেয়ারে তাঁর স্ক্যান করা হয়। প্রথম স্ক্যানে তাঁর রিপোর্ট ভালো আসে। আজকেও তাঁর স্ক্যান করা হয়, রিপোর্টটটা ভালো আসায় তাঁকে রিলিজ করা হয়েছে।’
হাসপাতাল থেকে বাসায় ফিরলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ খেলবেন কি না, সে সিদ্ধান্ত এখনো হয়নি। আগামীকাল মিরাজ অনুশীলন করতে পারেন কি না, তা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নাফিস।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের প্রথম দুটিতেই জিতে বাংলাদেশ এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে। মিরপুরে আনুষ্ঠানিকতা রক্ষার শেষ ওয়ানডেটি হবে আগামী পরশু।