জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের এ পর্যায়ে এসে শুরু হয়েছে সেমিফাইনালের হিসাব-নিকাশও। আগামীকাল ভারত-বাংলাদেশ ম্যাচের ফলও সেমির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ম্যাচের আগে ভারতের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ভারতকে ভারসাম্যপূর্ণ দল মনে করলেও দেশের বাইরে রোহিত-কোহলিদের রেকর্ড ভালো নয় বলেও মন্তব্য করেছেন আফ্রিদি।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ম্যাচ জয় পেয়েছিল ভারত। পরের ম্যাচে নেদারল্যান্ডসকেও পাত্তাই দেননি কোহলিরা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ম্যাচে গিয়ে হেরেছে ভারত। কাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচের আগে ভারতের পারফরম্যান্স নিয়ে আফ্রিদি বলেছেন, ‘ভারত যেভাবে একটু একটু করে ওপরে যাচ্ছে, তারা যেকোনো কিছু করতে পারে। এমন না যে ভারতের বাইরে তাদের রেকর্ড খুব ভালো কিংবা তারা খুব ভালো পারফরম্যান্স দেখায়। দেখা যাক কী হয়। তবে তারা বেশ ভারসাম্যপূর্ণ একটি দল।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে এইডেন মার্করামের ক্যাচ ছেড়েছিলেন কোহলি। সেই ক্যাচ ছাড়া নিয়েও কথা বলেছেন আফ্রিদি। তবে সেদিনের সেই ক্যাচ মিস নিয়ে কোহলি চাপে থাকবেন না বলেই মনে করেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার, ‘আমি মনে করি না, ক্যাচ ছাড়া নিয়ে সে খুব একটা চাপে থাকবে। তবে এমনটা কখনো কখনো হয়।’ এ সময় পাকিস্তানি ব্যাটসম্যানদের সমালোচনাও করেছেন আফ্রিদি। বলেছেন, ‘অস্ট্রেলিয়ার মাঠে ছক্কা মারার মতো খুব বেশি ব্যাটসম্যান আমাদের নেই।’
বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়ে কথা বলেছে দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও। এখন পর্যন্ত ভারতের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে সদ্য সাবেক হওয়া বিসিসিআই সভাপতি বলেছেন, ‘ভারত শুধু একটি ম্যাচে হেরেছে। ভারত উত্তীর্ণ হবে। সবাই ভালো করছে। আমি আশা করি, ভারত ফাইনাল খেলবে। আগে তাদের সেমিফাইনালে যেতে দিন। এরপর তাদের শুধু দুটি ম্যাচ খেলতে হবে। সেগুলোতে যেকোনো কিছু হতে পারে।’
অ্যাডিলেডে কাল বাংলাদেশ সময় বেলা দুইটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সুপার টুয়েলভে এখন পর্যন্ত দুটি করে ম্যাচ জিতেছে দুই দল।