
সকালে নেলসনে সৌম্য সরকার, রাতে পচেফস্ট্রুমে ফারজানা হক—একই দিনে বাংলাদেশের দুই ক্রিকেটার পুড়লেন একই আক্ষেপে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সৌম্য ১৬৯ রানের ইনিংস খেললেও দল হেরেছে ৭ উইকেটে। ১৪ ঘণ্টা ব্যবধানে শুরু হওয়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফারজানা করেছেন ১০২, কিন্তু দল হেরেছে ৮ উইকেটে।
সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড ১১৯ রানে জেতায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে ছিল ব্যবধান ২–০ বানিয়ে ফেলার। ফারজানার দ্বিতীয় ওয়ানডে শতকে চড়ে বাংলাদেশ পুঁজিও তুলেছিল তুলনামূলক ভালো—৫০ ওভারে ৪ উইকেটে ২২২ রান। তবে এই রান প্রোটিয়ারা মেয়েরা টপকে গেছে ২৯ বল হাতে রেখে।
লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটসের উদ্বোধনী জুটি ১০৬ রান তুলে পরপর দুই বলে আউট হলে দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় উইকেটে বাকি ১১৭ রান এনে দেন সুনে লুস ও অ্যানেকে বচ। লুস বাদে বাকি তিন ব্যাটসম্যানই পেয়েছে অর্ধশত। ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে প্রোটিয়ারা।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশকে উদ্বোধনী জুটিতে ৪৮ রান এনে দেন দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা। শামিমা ৩৬ বলে ২৮ রান করে ফেরার পর অবশ্য তিনে নামা মুরশিদা খাতুন বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৩ রানে দ্বিতীয় উইকেট হারানো বাংলাদেশ ভালো সংগ্রহের দিকে যায় তৃতীয় ও চতুর্থ উইকেট জুটিতে।
৯০ বলে অর্ধশত ছোঁয়া ফারজানা নিগার সুলতানাকে নিয়ে যোগ করেন ৮৮ বলে ৫৮ রান। আর ফাহিমা খাতুনের সঙ্গে চতুর্থ উইকেটে ১০৯ বলে ৯৩। ফারজানা ব্যক্তিগত ১০০-এর মাইলফলক স্পর্শ করেন ১৬৫ বলে। উইকেটের অপর প্রান্তে ৪৮ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন ফাহিমা। যদিও দিন শেষে তাঁদের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।
বাংলাদেশ: ৫০ ওভারে ২২২/৪ (ফারজানা ১০২, ফাহিমা ৪৬*, শামিমা ২৮, নিগার ১৩; কাপ ২/২১, ক্লাস ১/৫০)।
দক্ষিণ আফ্রিকা: ৪৫.১ ওভারে ২২৩/২ (বচ ৬৫*, ভলভার্ট ৫৪, ব্রিটস ৫০, লুস ৪৭*; ঋতু মনি ১/২৩)।
ফল: দক্ষিণ আফ্রিকা নারী দল ৮ উইকেটে জয়ী।