ব্যাটিংয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা
ব্যাটিংয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা

৩২ রানে গুটিয়ে যাওয়ার পর হারের নতুন রেকর্ড বাংলাদেশের

৩, ২, ০, ৫, ০, ৬, ৫, ২, ২, ১, ০—ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের ব্যাটারদের রান।

১৬৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৩২ রানেই গুটিয়ে গিয়ে ১৩২ রানে হেরেছে নিগার সুলতানার দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর, রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানে হার।

২০১৮ সালে কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে ৩০ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ, এখন পর্যন্ত সেটিই সর্বনিম্ন স্কোর তাদের। আর রানের হিসাবে এর আগে সবচেয়ে বড় ব্যবধানে হারটি এসেছিল ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৩২ রানের জয় নিউজিল্যান্ডের ইতিহাসেও সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে ২০১৮ সালে মাউন্ট মঙ্গানুইতে ওয়েস্ট ইন্ডিজকে ১০৬ রানে হারিয়েছিল তারা, যদিও ওয়েস্ট ইন্ডিজ সেবার ৮ উইকেট হারিয়ে তুলেছিল ৭৯ রান।

এমন হার চায়নি বাংলাদেশের মেয়েরা

রান তাড়ায় তৃতীয় ওভারে মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। মিডিয়াম পেসার হেইলি জেনসেনের বলে এলবিডব্লু হন তিনি। চতুর্থ ওভারে লিয়া টাহুয়ুর ৩ বলের মধ্যে ফেরেন অভিষিক্ত দিলারা আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা। ক্যাচ দেন দুজনই।
পাওয়ার প্লের মধ্যে বাংলাদেশ হারায় আরও ২ উইকেট।

পঞ্চম ওভারে জেনসেনের দ্বিতীয় শিকারে পরিণত হন ফারজানা হক, পরের ওভারে টাহুয়ুর তৃতীয় শিকার রুমানা আহমেদ। ১২ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এর আগে কখনোই এত কম রানে প্রথম ৫ উইকেট হারায়নি বাংলাদেশ।

ষষ্ঠ উইকেটে ফাহিমা খাতুন ও রিতু মনি যোগ করেন ১৫ রান, বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ জুটি সেটিই। ১১তম ওভারে অ্যামেলিয়া কারের বলে ক্যাচ দিয়ে ফেরেন ফাহিমা, পরের ওভারে তাহুয়ুর চতুর্থ শিকারে পরিণত হন রিতু।

সালমা খাতুন ও নাহিদা আক্তার—দুজনই হন বোল্ড। প্রথমজন জেনসেন, পরেরজন ফ্র্যান জোনসের বলে। ১৫তম ওভারে নাহিদার পর জাহানারা আলমও জোনসের শিকার। ১২ রানে প্রথম ৫ উইকেট হারানো বাংলাদেশ শেষ ৫ উইকেটও হারায় ১২ রানের মধ্যেই। ১৪.৫ ওভারের মধ্যেই গুটিয়ে যায় বাংলাদেশ।

বোলিংয়েও ভালো শুরু পায়নি মেয়েরা

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার সোফি ডিভাইন ও সুজি বেটস। ১১তম ওভারে ৩৩ বলে ৪১ রান করা বেটসকে ফিরিয়ে ৮৪ রানের জুটি ভাঙেন নাহিদা। পরের ওভারে এসে অধিনায়ক ডিভাইনকে ফেরান জাহানারা, ৮ রানের ব্যবধানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড।

তবে তৃতীয় উইকেটে অ্যামেলিয়া কার ও ম্যাডি গ্রিন যোগ করেন ৪২ রান। ২১ বলে ২৭ রান করে রিতুর বলে কার ক্যাচ দিয়ে ফিরলেও গ্রিন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৩ বলে ৩৬ রান করে। টাহুয়ুকে নিয়ে পঞ্চম উইকেটে গ্রিন যোগ করেন ৩০ রান। নিগার এনেছিলেন ৭ জন বোলারকে।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ৪ ডিসেম্বর ডানেডিনে। এ সফরে তিনটি টি-টোয়েন্টির পর তিনটি ওয়ানডেও খেলবে বাংলাদেশ।