
নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর এখন আর সামনের প্রতিপক্ষদের নিয়ে ভাবার সুযোগ নেই বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে এমন পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানো বেশ কঠিন বলেও মনে হচ্ছে তাঁর কাছে। তবুও চেষ্টা করে যেতে হবে, সেটি মনে করিয়ে দিয়েছেন তিনি।
প্রথম ৫ ম্যাচে ১টি জয় নিয়ে কলকাতায় গেছে বাংলাদশ। নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে হারের পর এ ভেন্যুতেই দুই দিন পর পাকিস্তানের মুখোমুখি হবে তারা। সে ম্যাচ নিয়ে তাঁর ভাবনা কেমন, এমন এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রতিপক্ষ নিয়ে ভাবার সুযোগ নেই। আমাদের শুধু নিজেদের খেলাটা খেলতে হবে। নিজেদের চাঙা রাখতে হবে। আর কোনো সুযোগ নেই।’
আপাতত বাকি তিন ম্যাচ থেকে সমর্থকদের কিছু ফিরিয়ে দিতে চান সাকিব, ‘আমাদের তিন ম্যাচ খেলতেই হবে। যদি আমরা বাংলাদেশের মানুষকে কিছু ফিরিয়ে দিতে পারি, সেটা দারুণ হবে।’
তবে এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে ভালো কিছু করা কঠিন, সাকিব মানছেন সেটি, ‘সত্যি কথা বলতে, খুবই কঠিন এখান থেকে ঘুরে দাঁড়ানো। তিন ম্যাচ আছে। সুযোগ এখনো আছে আমাদের। তবে খুবই কঠিন। আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া আমাদের কিছু করার নেই। আজকের দিনটা যদি ভুলে যেতে পারি, সামনের ম্যাচটায় মনোযোগ দিতে পারি, তাহলে ভালো হবে। আমরা যেখানে আছি সেখান থেকে খুবই কঠিন।’
ডাচদের কাছে হারের পর পয়েন্ট তালিকায় ৯ নম্বরে আছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই পরের পর্বে যাওয়ার কোনো স্বপ্ন দলটির অধিনায়ক দেখছেন না। তাঁর ইচ্ছা এখন শুধু আরেকটু ভালো করার। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পেতে গেলে একটা নির্দিষ্ট সময়ে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে পারে, বিশ্বকাপের পারফরম্যান্সও প্রভাব ফেলবে তার ওপর।
সাকিব এখন তাকিয়ে সে দিকেই, ‘ধরেন, র্যাঙ্কিংয়ে আটের ভেতর থাকতে হবে যদি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে হয়। সেই জায়গাটা থেকেও এখনো তিনটা ম্যাচ আছে। যদিও আমি আগেই বলেছি, এ রকম জায়গা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন, খুবই কঠিন হবে আমাদের জন্য। আসলে খেলা শেষ হওয়ার আগপর্যন্ত তো কিছু বলা যায় না। আমাদের চেষ্টাই করতে হবে এবং এই ১৫ জনকেই চেষ্টা করতে হবে যেন আমরা এই জিনিসটা কিছুটা বদলাতে পারি। আবারও বলছি এটা কঠিন। কিন্তু চেষ্টা করা ছাড়া উপায় নেই।’