প্রথম দিনের খেলা শেষে হাসিমুখে মাঠ ছেড়েছেন ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান হ্যারি ব্রুক ও ড্যান লরেন্স
প্রথম দিনের খেলা শেষে হাসিমুখে মাঠ ছেড়েছেন ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান হ্যারি ব্রুক ও ড্যান লরেন্স

পাকিস্তান সেই একই বৃত্তে, প্রথম দিনেই লিড নিল ইংল্যান্ড

পাকিস্তান প্রথম ইনিংস: ৩৩.৫ ওভারে ১৩৩। ইংল্যান্ড প্রথম ইনিংস: ৩৯ ওভারে ১৫৬/৪।

কোচ বদলাল, খেলোয়াড়ও বদলাল, ভেন্যু তো বদলালই।

কিন্তু পাকিস্তান ক্রিকেট দল আটকে থাকল সেই একই বৃত্তে। সিরিজের প্রথম দুই টেস্টের মতো এবার তৃতীয় টেস্টেও হুড়মুড় করে ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং লাইন–আপ। আজ এজবাস্টন টেস্টের প্রথম দিনে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে অলআউট হয়েছে বাবর আজমের দল।

সফরকারীদের ৩৪ ওভারের মধ্যে অলআউট করে দিয়ে ইংল্যান্ডের দিনের শেষ পর্যন্ত ৩৯ ওভার ব্যাট করেছে। তাতে এমিলিও গে ও হ্যারি ব্রুকের ফিফটিতে চড়ে এরই মধ্যে ২৩ রানের লিড নিয়েছে জো রুটের দল।

পাকিস্তানকে অল্প রানে আটকে দেওয়ার পর ইংল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। মাত্র ৩৯ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে দলটি। ব্রুককে নিয়ে গের চতুর্থ উইকেট জুটি ১০৪ রান যোগ করে দলকে বিপদ থেকে উদ্ধার করে। ৬০ রান করে গে অভিষিক্ত রাজাউল্লাহর বলে বোল্ড হলেও দিন শেষে অপরাজিত আছেন ব্রুক (৫২*), সঙ্গে ড্যান লরেন্স।

জো রুটের পর এমিলিও গেকেও ফেরান অভিষিক্ত রাজাউল্লাহ

এর আগে পাকিস্তানের জন্য সকালটা ছিল আরও এক বিভীষিকার। হেডিংলিতে ইনিংস ব্যবধানে ও লর্ডসে ১৯৪ রানে হারের পর প্রধান কোচ সরফরাজ আহমেদসহ দুই কোচ ও সাত খেলোয়াড়কে স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ডাকা হয়েছিল নতুন পাঁচজনকে। আজ শুরু তৃতীয় টেস্টে তাঁদের মধ্য থেকে তিনজনের অভিষেকও হয়েছে। একজন উইকেটকিপার–ব্যাটসম্যান, বাকি দুজন পেসার।

১০ বল খেলে কোনো রান করতে পারেননি সাইম আইয়ুব

কিন্তু টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ভুগল সেই ব্যাটিংয়েই। দেড় বছর পর টেস্টে ফেরানো সাইম আইয়ুব আউট হয়েছেন তৃতীয় ওভারে। গত সপ্তাহেও ত্রিনিদাদে সিপিএল খেলতে থাকা এই বাঁহাতি এলবিডব্লু হয়েছেন ওলি রবিনসনের বলে। এরপর শুধু আসা–যাওয়ার মিছিলই হয়েছে।

সর্বোচ্চ ২৬ রানের জুটি হয়েছে দশম উইকেটে মোহাম্মদ আব্বাস–মোহাম্মদ আলীর মধ্যে। দুই বোলারের জুটিটি টিকেছে ইনিংস সর্বোচ্চ ৪৬ বল। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান যোগ হয়েছে বাবর–সৌদ শাকিলের পঞ্চম উইকেটে।

ইনিংসের শুরুতেই খেই হারিয়ে ফেলা পাকিস্তান পাঁচ উইকেট হারায় ৪৮ রানে। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের পর ৫০–এর আগে পাকিস্তানের অর্ধেক উইকেট গেল এই প্রথম। প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। সব মিলিয়ে ১১ জনের আটজনই আউট হয়েছে দশ রানের কমে।

জশ টাং নেন ৪ উইকেট

দুই টেল এন্ডারের আগে পাকিস্তানের ইনিংসে যা একটু ব্যাটিং করেছেন সৌদ শাকিল। ৬ নম্বরে নামা এই বাঁহাতি প্রতি–আক্রমণে রান তোলার চেষ্টা করেছেন। জশ টাংয়ের বলে বোল্ড হওয়ার আগে ৪৭ বলে ৭ চারে করেছেন ৪৩ রান।

এ নিয়ে টানা পঞ্চম ইনিংসে দুই শর কমে থামল পাকিস্তানের ইনিংস, যার মধ্যে ১৫০ রানের কমে আটকাল টানা তৃতীয়বার।

ইংল্যান্ডের হয়ে টাং নেন ৪২ রানে ৪ উইকেট। রবিনসন ও আর্চারের শিকার ৩টি করে।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান প্রথম ইনিংস: ৩৩.৫ ওভারে ১৩৩ (শাকিল ৪৩, আব্বাস ২১, রাজাউল্লাহ ১১; টাং ৪/৪২, রবিনসন ৩/১৫, আর্চার ৩/২৫)। ইংল্যান্ড প্রথম ইনিংস: ৩৯ ওভারে ১৫৬/৪ (গে ৬, ব্রুক ৫২*, ডাকেট ১১; রাজাউল্লাহ ২/৪২)।