এশিয়ান গেমসের ব্যর্থতা এবং এই ব্যর্থতাকে ঘিরে কিছু মন্তব্য ও ঘটনা দেশের নারী ক্রিকেটে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। এশিয়া কাপের পর এবং এশিয়ান গেমসের ঠিক আগে টি–টুয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন অধিনায়ক নিগার সুলতানা। এর মধ্যেই কোচ সরোয়ার ইমরানের এক মন্তব্য ঘি ঢালে বিতর্কের আগুনে।
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ৩১ রানে হারার পর জাপানে সংবাদমাধ্যমকে কোচ বলেছিলেন, ‘টুর্নামেন্ট চলাকালীন এটা হওয়া (নতুন কোচ নিয়োগের খবর), আমরা একটা টুর্নামেন্ট খেলছি, হেড কোচ আর ক্যাপ্টেনদের আপনি সাইজ করে দিলেন, তো কীভাবে আপনি আশা করেন?’
গেমসফেরত দলের সঙ্গে আজ মিরপুরে বিসিবির কার্যালয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালের এক সভার পর এ নিয়ে কথা বলেছেন বিসিবির নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম। কোচের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘কোচ কিছু বেফাঁস কথা বলেছেন। আমার মনে হয়, কোড অব কন্ডাক্টের বাইরে যেয়ে উনি কথাগুলো বলেছেন। পুরোপুরি মিথ্যাচার করেছেন। যেহেতু তিনি বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ, সেখানে এ রকম কথা আসলে তিনি বলতে পারেন না। এটা খুবই দুর্ভাগ্যজনক।’
নিগারের নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে বোর্ড সভাপতি তামিম ইকবালকে উদ্ধৃত করে রফিকুল বলেন, ‘বোর্ড সভাপতি বলেছেন, “অন্তত তো তুমি চেয়ারম্যানের সঙ্গে এটা পরামর্শ করতে পারতে।” হয়তো সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যের কারণে সে ত্যক্ত–বিরক্ত হয়ে এটা ছেড়েছে। তবে ছাড়ার আগে আমাদের সঙ্গে আলাপ করতে পারত।’
নারী উইং প্রধান পরে বলেছেন, আগামী মাসে অস্ট্রেলিয়ায় তিন ওয়ানডের সফরে নিগার সুলতানাই অধিনায়ক থাকবেন। যদিও ওয়ানডে অধিনায়ক তিনি ছিলেনই। নেতৃত্ব ছেড়েছেন কেবল টি–টুয়েন্টি দলের। রফিকুল বলেন, ‘আগামী ৩ তারিখে বাংলাদেশ নারী দল অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ৩টি ওডিআই খেলতে। সেখানে তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দলের মুখোমুখি হবে। তো আমরা তাদেরকে একটু উৎসাহমূলক কথা বলেছি। আমরা চাই, তারা ভালো খেলুক। ভালো খেলতে খেলতে একসময় আমরা সব দেশকেই পরাজিত করতে পারব।’ সঙ্গে যোগ করেন, ‘মূল বার্তাটা ছিল দলে শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড বজায় রাখা।’
অস্ট্রেলিয়া সফরে সরোয়ার ইমরানই কোচ থাকবেন কি না, সে ব্যাপারে অবশ্য নিশ্চিত করে কিছু বলেননি নারী উইং প্রধান। তবে জানিয়েছেন, অস্ট্রেলিয়া সফরের দল এবং টিম ম্যানেজমেন্ট ঘোষণা করা হবে ৩০ সেপ্টেম্বর। বিসিবির সঙ্গে সরোয়ার ইমরানের বর্তমান চুক্তি আগামী মাসেই শেষ হওয়ার কথা।