শেষ পর্যন্ত পারল না পাকিস্তান। লাহোরে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারল ৪১ রানে।
২৩২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এক পর্যায়ে ৭৮ রানে ৬ উইকেট হারিয়েছিল পাকিস্তান। এরপর শাদাব খানের দারুণ ব্যাটিং পাকিস্তানকে ম্যাচে ফেরালেও শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেনি। এই জয়ে সিরিজে সমতায় ফিরল অস্ট্রেলিয়া।
রান তাড়ায় পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। মাজ সাদাকাতের বিদায়ে ৪ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান একে একে হারায় সাহিবজাদা ফারহান, বাবর আজম, সালমান আগাদের।
এরপর সপ্তম উইকেট জুটিতে আরাফাত মিনহাসের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন শাদাব। অষ্টম উইকেটে শাহিন আফ্রিদির সঙ্গে ৩১ রানে জুটি গড়ার পর নবম উইকেটে হারিস রউফের সঙ্গে ২১ রানের জুটি গড়েন। এই ছোট ছোট জুটিগুলো পাকিস্তানের জয়ের সম্ভাবনা জাগিয়েছিল।
তবে ইনিংসের ৪৪তম ওভারের শেষ বলে রউফ ও ৪৫তম ওভারের প্রথম বলে শাদাব ৭১ রান করে আউট হলে ৪১ রানে জয় পায় অস্ট্রেলিয়া। ৪ উইকেট নিয়েছেন নাথান এলিস।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া উইকেট হারায় ইনিংসের প্রথম বলেই। শাহিন আফ্রিদির বলে বোল্ড হন অ্যালেক্স ক্যারি। আরেক ওপেনার ম্যাথু শর্টও ইনিংস বড় করতে পারেননি। ১৮ রান করে যখন আউট হয়েছেন তখন দলীয় রান ৪৬।
মারনাস লাবুশেনও আজ ব্যর্থ হয়েছেন, আউট হন ৫ রানে। এরপরও স্পিন সহায়ক উইকেটে অস্ট্রেলিয়া যে ২৩১ রান করতে পেরেছে, সেটা জশ ইংলিস আর ক্যামেরন গ্রিনের ফিফটিতে। এ ছাড়া ম্যাট রেনশর ৪৩ ও অলিভার পিক করেছেন ৩১ রান। পাকিস্তানের হয়ে ৩৬ রানে ৩টি উইকেট নেন আফ্রিদি। এ ছাড়া স্পিনার আরাফাত মিনহাস ও আবরার আহমেদ ২টি করে উইকেট নিয়েছেন।