
আট বছর আগে কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইনালে ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ছেলে-মেয়ে মিলিয়েই এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় সাফল্য হয়ে আছে সেটি।
আজ আবার শুরু হচ্ছে সেই নারী এশিয়া কাপ ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আজ হংকং-থাইল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠছে টি-টুয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টের। টুর্নামেন্টের দশম আসরে প্রথম ম্যাচটি খেলতে বাংলাদেশকে একটু অপেক্ষাই করতে হচ্ছে। নিগার সুলতানাদের প্রথম ম্যাচ ৩১ আগস্ট। দুবাইয়ে প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।
আট দলের টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে ইন্দোনেশিয়া ছাড়া তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপে চার দল ভারত, পাকিস্তান, হংকং ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল ১৩ সেপ্টেম্বর।
২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পরের দুই টুর্নামেন্টে ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশ এবার সেই ব্যর্থতা ঝেড়ে ফেলতে পারবে কি না, কে জানে! টুর্নামেন্ট শুরুর ঠিক আগে দুঃসংবাদ হয়ে এসেছে ফারিহা ইসলামের চোট। ২৫ আগস্ট ঊরুর চোটে ছিটকে পড়েছেন এই বাঁহাতি পেসার। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া এশিয়ান গেমস ক্রিকেট থেকেও ছিটকে পড়েছেন ফারিহা।
ফারিহার জায়গায় দলে নেওয়া হয়েছে ফারজানা ইয়াসমিনকে। ১৭ বছর বয়সী এই ডানহাতি পেসার এখনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।
নারী এশিয়া কাপের দশম আসরে ফেবারিট টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারতই। সাতবারের চ্যাম্পিয়নরা অবশ্য বর্তমান চ্যাম্পিয়ন নয়। ২০২৪ সালে ঘরের মাঠে ফাইনালে তাদের হারিয়ে প্রথমবার নারী এশিয়া কাপ জেতে শ্রীলঙ্কা।
এবারের টুর্নামেন্টে একদম নতুন দল ইন্দোনেশিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি বাছাইপর্বে তৃতীয় হয়ে সুযোগ পেয়েছে এশিয়া কাপে।
‘এ’: ভারত, পাকিস্তান, হংকং ও থাইল্যান্ড‘বি’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও আরব আমিরাত
• লিগ পদ্ধতির প্রথম পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে।• দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। এরপর ফাইনাল।
৩১ আগস্ট, ইন্দোনেশিয়া৬ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা৮ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাত*সব ম্যাচ দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।