ভারতের বিপক্ষে মিডল অর্ডারে প্রত্যাশিত রান পায়নি বাংলাদেশ
ভারতের বিপক্ষে মিডল অর্ডারে প্রত্যাশিত রান পায়নি বাংলাদেশ

এবার মিডল অর্ডার নিয়ে আক্ষেপ নাজমুলের

কখনো টপ অর্ডার, কখনো মিডল অর্ডার— বিশ্বকাপে এবার বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে আক্ষেপটা থেকেই যাচ্ছে। ভারতের বিপক্ষে গতকাল যেমন উদ্বোধনী জুটি থেকে এসেছে ৯৩ রান। অথচ এবার মাঝের ওভারে দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটিং! ইনিংসের ১৫ থেকে ৪৫তম ওভারের মধ্যে মাত্র ১২০ রান করেছে বাংলাদেশ দল, হারিয়েছে ৬টি উইকেট। এমন হতশ্রী ব্যাটিংয়ের পর আর যা-ই হোক, ভারতের বিপক্ষে জেতা কঠিন। শেষ পর্যন্ত হয়েছেও তাই। ৭ উইকেটের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

উরুতে চোট পাওয়া সাকিব আল হাসানের অবর্তমানে গতকালের ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সহ–অধিনায়ক নাজমুল হোসেনও ম্যাচ শেষে ব্যাটিং ব্যর্থতার কথাই বলেছেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে দলের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেছেন, ‘তানজিদ খুব ভালো ব্যাটিং করেছে। পেসারাও ভালো করেছে। তবে আমাদের দলের জন্য দুশ্চিন্তার জায়গা হচ্ছে, ব্যাটিংয়ে আমরা শেষটা ভালো করিনি।’ ম্যাচের কোথায় বাংলাদেশ পিছিয়ে পড়েছিল, সেটাও বলেছেন নাজমুল, ‘আমরা ভালো শুরু করেছিলাম। আমার মনে হয় তানজিদ ও লিটন যদি আরও কিছুক্ষণ ব্যাটিং করত, তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে ব্যাটিংয়ের প্রসঙ্গই এসেছে। সেখানেও ব্যাটিং ব্যর্থতার জন্য তিনি অর্ধশত করে আউট হওয়া দুই ব্যাটসম্যান তানজিদ ও লিটনের দিকেই আঙুল তুলেছেন, ‘আমরা যে জায়গায় খুব ভুগছিলাম, সেই টপ অর্ডারে ভালো হয়েছে। ওপেনাররা ভালো করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুজন ব্যাটসম্যান থিতু ছিল, তাদের ইনিংস আরও লম্বা করা উচিত ছিল। উইকেট এমন ছিল, এক-দুইজন ব্যাটসম্যান যদি ১২০-১৩০ রানের ইনিংস খেলত, তাহলে শেষের দিকের ব্যাটসম্যানের জন্য কাজটা আরও সহজ হতো।’

পুনের ব্যাটিং স্বর্গে ২৫৮ রান নিয়ে যে জেতা কঠিন, বাংলাদেশকে সেটা ভারত ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে। তবে নাজমুল মনে করেন, স্কোরবোর্ডে আরও রান থাকলে ভারতকে চাপে রাখা যেত। বোলারদের পারফরম্যান্স ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘বোলারদের খুব একটা দোষ দেখি না। আমি মনে করি বোলাররা যথেষ্ট ভালো বোলিং করছে। আমরা ব্যাটসম্যানরা যদি আরেকটু রান বোর্ডে দিতে পারতাম, তাহলে আরেকটু সহজ হতো।’

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করা বাংলাদেশ দল এরপর টানা তিনটি ম্যাচ হারল। তিন ম্যাচের প্রতিপক্ষই অবশ্য বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে হারের চেয়ে বেশি দুশ্চিন্তা বাংলাদেশের হারের ধরন নিয়ে। নাজমুলও সেটাই বলেছেন, ‘তিনটি দলই খুবই ভালো। তবে আমার মনে হয় এখন পর্যন্ত আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। আশা করি সামনে সেটা করতে পারব।’ ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচে দলের নিয়মিত অধিনায়ক সাকিব খেলতে পারেব কিনা, সেটা বড় প্রশ্ন। অনেক নেতিবাচকতার মধ্যে এ প্রশ্নের উত্তরে অবশ্য নাজমুল ভালো খবরই দিলেন, ‘তিনি ভালোভাবেই সুস্থ হয়ে উঠছেন। আশা করি আমরা তাঁকে আগামী ম্যাচে পাব।’

বিরাট কোহলি দেখিয়েছেন কীভাবে ব্যাট করতে হয়

এমন উইকেটে ব্যাটিংটা কেমন হওয়া উচিত, তার আদর্শ উদাহরণ ভারতের বিরাট কোহলির গতকালের সেঞ্চুরি। দারুণ ফর্মে থাকা দুই ওপেনার শুবমান গিল ও রোহিত শার্মার কারনে বড় ইনিংস খেলার সুযোগ খুব একটা পাচ্ছেন না কোহলি। কিন্তু কাল সুযোগ পেয়ে সেটি কাজে লাগিয়েছেন অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে। রানের ক্ষুধা কাকে বলে, কোহলির ইনিংসেই তা দেখা গেছে। ম্যাচ শেষে তাঁর কথাতেও ছিল সেটারই বহিঃপ্রকাশ, ‘আমি দলের জয়ে বড় অবদান রাখতে চাচ্ছিলাম। কিছু ফিফটি করেছি, কিন্তু বড় কিছু নয়। আজ (গতকাল) সুযোগ পেয়ে শেষ করে আসতে পারলাম, যা আমি বছরের পর বছর করে এসেছি।’