সাম্প্রতিক সময়ে হরহামেশাই ক্রিকেটীয় নানা বিষয়ে বাবর আজম ও বিরাট কোহলির তুলনা হয়ে থাকে। সময়ের অন্যতম সেরা দুই ক্রিকেটারের মধ্যে সম্পর্কটা প্রীতির হলেও ভারত-পাকিস্তানের সমর্থক ও সাবেকেরা কখনো কখনো এ দুজনকে নিয়ে জড়িয়ে পড়েন দ্বন্দ্বে। এবার ভিন্ন এক বিষয় নিয়েই দুই ক্রিকেটারের মধ্যে তুলনা টেনেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা।
প্রসঙ্গক্রমে তিনি দুই দেশের সমর্থকদেরও কাঠগড়ায় তুলেছেন। বাবরের সমালোচকদের এক হাত নিতে গিয়ে কোহলিকেও টেনেছেন রমিজ। বলেছেন, কোহলির সেঞ্চুরি ভারতীয়দের এশিয়া কাপ–ব্যর্থতার কথাও ভুলিয়ে দিয়েছে, যা পাকিস্তানে কখনোই দেখা যায় না।
এশিয়া কাপ দিয়ে লম্বা সময় পর ছন্দে ফিরেছেন কোহলি। পেয়েছেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। অন্যদিকে পাকিস্তান ফাইনাল খেললেও এই টুর্নামেন্টে ছন্দে ছিলেন না বাবর।
বাবরের অধিনায়কত্ব, ওপেনিং করা, খেলোয়াড় নির্বাচনসহ বিভিন্ন দিক নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। এমনকি স্ট্রাইক রেট নিয়েও কথা শুনতে হয়েছে পাকিস্তান অধিনায়ককে, যা নিয়ে পিসিবি সভাপতি রমিজ রাজা শুধু হতাশই নন, একটু ক্ষুব্ধও।
বাবরকে নিয়ে বলতে গিয়েই উদাহরণ হিসেবে কোহলির সেঞ্চুরির প্রসঙ্গ এনেছেন রমিজ। পিসিবি সভাপতি বলেছেন, ‘আমরা ফাইনাল খেলেছি। হ্যাঁ, আমরা সেদিন ভালো খেলতে পারিনি। একটা বাজে দিন আসতেই পারে। তবে এশিয়া কাপে আরও দল ছিল। মানে ফাইনালে না খেলতে পারায় ভারতের ব্যাপক সমালোচনা হওয়া উচিত ছিল। তবে তাদের সংবাদমাধ্যম ও ভক্তরা এমন করেনি। আমি আপনাদের বলি, বিরাট কোহলি যখন আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করল, তারা এশিয়া কাপের কথায় ভুলে গেল। আমরা কি কখনো এমনটা করি? বাবর যখন সেঞ্চুরি করে, তখন আমরা কী বলি? বলি, তার স্ট্রাইক রেট ১৩৫, যেখানে ডেভিড ওয়ার্নারের স্ট্রাইক রেট ১৪৭.৩। তাই এটা অর্থহীন।’
এশিয়া কাপে ভালো করতে না পারলেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন বাবর। ৭ ম্যাচের সিরিজে ১টি সেঞ্চুরি, ১টি ফিফটিসহ ৫৭ গড়ে করেছেন ২৮৫ রান। শুধু মোহাম্মদ রিজওয়ানই তাঁর চেয়ে বেশি রান করেছেন সিরিজে।