কোহলির সাক্ষাৎকার নিলেন অধিনায়ক রোহিত
কোহলির সাক্ষাৎকার নিলেন অধিনায়ক রোহিত

সেঞ্চুরি–খরা কাটানো কোহলির সাক্ষাৎকার নিলেন অধিনায়ক রোহিত

তাঁদের সম্পর্ক নাকি খুব শীতল—এমন একটা গুঞ্জন ভারতীয় ক্রিকেটের বাতাসে অনেক দিন ধরেই। বিরাট কোহলির হারানো অধিনায়কত্বের ভার পড়েছে রোহিতের কাঁধে। সেই থেকেই নাকি দুজনের সম্পর্কে নেমে এসেছে শীতলতা—গুঞ্জনটা ছিল এ রকমই। তবে কাল কোহলির সেঞ্চুরি-খরা কাটার পর সেই গুঞ্জনে কি জল ঢাললেন দুজনে মিলে!

সেঞ্চুরির পর কোহলি

১ হাজার ২০ দিনের সেঞ্চুরি-খরা নিয়ে কাল এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিলেন কোহলি। এত দিনের সেঞ্চুরি-খরা তিনি কাটিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দিয়ে! টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলি ছন্দে ফেরায় উচ্ছ্বসিত পুরো ভারত।

সেই উচ্ছ্বাসেই কি না কাল ভারতীয় ক্রিকেট বোর্ড মুখোমুখি বসিয়ে দিয়েছিল সাবেক ও বর্তমান অধিনায়ককে। মুখোমুখি বসা দুজনের আবার ছিল দুই রকমের ভূমিকা—একজন প্রশ্নকর্তা, আরেকজন উত্তরদাতা। হ্যাঁ, বিসিসিআইয়ের পোর্টালে সাবেক অধিনায়ক কোহলির সাক্ষাৎকার নিয়েছেন বর্তমান অধিনায়ক রোহিত!

টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংস কীভাবে সাজাতে হয়, কোহলির ইনিংসটা সেটাই দেখিয়েছে বলে মনে করেন রোহিত

আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৩২ বলেই ফিফটি করেছেন। প্রথম ৫৯ রান করতে খেলেছেন ৪০ বল, পরের ৬৩ রান করেছেন কোহলি মাত্র ২১ বলে। ইনিংসে সব মিলিয়ে ১২টি চারের সঙ্গে মেরেছেন ৬টি ছক্কা। যে আফগান স্পিনারদের নিয়ে এত কথা হয়েছিল, সেই স্পিনারদের ওপর বিশেষভাবে চড়াও হয়েছিলেন কোহলি, প্রিয় ফ্লিক শটে করেছেন ৪২ রান। শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ৬১ বলে ১২২ রানে। এমন এক ইনিংসে মুগ্ধ না হয়ে উপায় কী! কোহলির এমন ইনিংসে আর পাঁচজন সাধারণ সমর্থকের মতো মুগ্ধ হয়েছেন রোহিতও।

টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংস কীভাবে সাজাতে হয়, কোহলির এই ইনিংসটা সেটাই দেখিয়েছে বলে মনে করেন রোহিত, ‘টি টোয়েন্টি ক্রিকেটে আমরা শুধু বড় শট নিয়ে কথা বলি। কিন্তু কীভাবে শুধু বড় শটে মনোযোগ না দিয়ে ইনিংস বড় করতে পারেন, এই সেঞ্চুরি তার একটা আদর্শ উদাহরণ। এটা সত্যিই রোমাঞ্চকর ছিল।’ রোহিত শুধু এই ইনিংসের প্রশংসাই করেননি, খেলার প্রতি কোহলির নিষ্ঠা আর হার না মানা মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ভারতীয় অধিনায়ক।

বিরাট কোহলি, আনুশকা শর্মা ও তাদের সন্তান ভামিকা।

এত দিন পর সেঞ্চুরি পেয়ে সেঞ্চুরিটা স্ত্রী আনুশকা শর্মা ও মেয়ে ভামিকাকে উৎসর্গ করেছেন কোহলি। ম্যাচ শেষে অধিনায়ক রোহিতকেও কৃতিত্ব দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৭১টি সেঞ্চুরির মালিক, ‘আমি অনেক দিন পর ক্রিকেটে ফিরেছি, বিশ্রামের সময়ে একবারও ব্যাট ধরে দেখিনি। ১৩-১৪ বছরের ক্যারিয়ারে আগে একবারও এমন ঘটেনি। অনেক কিছুই আমাকে ভিন্নভাবে দেখতে হয়েছে। এমন একটা সময়ে দলে ব্যাট হাতে আমার ভূমিকা সম্পর্কে তুমি আমাকে পরিষ্কার ধারণা দিয়েছ, টিম ম্যানেজমেন্টও সাহায্য করেছে।’

রোহিতের সঙ্গে আলাপচারিতায় কোহলি এরপর যোগ করেন, ‘এ সময়ে যে জায়গাটা আমি পেয়েছি, তা আমাকে অনেক স্বাচ্ছন্দ্যে রেখেছে। যখন আমি খেলায় ফিরি, কীভাবে দলে ভূমিকা রাখতে পারি, এই ভেবে আমি বেশ রোমাঞ্চিত ছিলাম। এমন একটা ইনিংস খেলা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ সামনেই বিশ্বকাপ। আমি ভালো খেললে, দলে আরও বেশি ভূমিকা রাখতে পারব।’

এবারের এশিয়া কাপে কোহলি ক্রিজ থেকে বেরিয়ে এসে অনেক শট খেলেছেন, যা তাঁর রান করার বিকল্পগুলো আরও বাড়িয়েছে। ২০১৮ সালের এপ্রিল থেকে চলতি এশিয়া কাপের আগপর্যন্ত ৭.৯ বল পরপর ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে শট খেলেছেন কোহলি। তবে এবারের এশিয়া কাপে ৪.৯ বল পরপর ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে শট খেলেছেন তিনি।

শুধু এই শট নয়, স্লগ সুইপ, প্রচলিত অন্যান্য সুইপ খেলতেও দেখা গেছে। এসব নিয়ে কোহলি জানিয়েছেন তাঁর ভাবনা। তিনি তাঁর স্ট্রাইক রেট, ছয় মারা নিয়ে আর বেশি ভাবতে চান না। তিনি শুধু তাঁর শট খেলার ভান্ডারে নতুন শট যোগ করতে চান, মাঠে বেশি না ভেবে সেগুলো খেলতে চান, ‘আমি কোচদের বলেছি, টি টোয়েন্টিতে স্ট্রাইক রেট বাড়াতে ছয় মারার চেয়ে আমি স্ট্রাইক রোটেশন ও বাউন্ডারির দিকেই বেশি নজর দিচ্ছি। যখন ছয় মারার পরিস্থিতি তৈরি হবে, ছয় মারার চেষ্টা করব। কিন্তু আমি গ্যাপ খুঁজে স্ট্রাইক রোটেশন ও বাউন্ডারির ওপরই বেশি নির্ভর করতে চাই।’

তিন-চার দিন আগে রাহুল ভাইয়ের সঙ্গেও কথা বলছিলাম, বলেছেন কোহলি

কোহলি তাঁর কোচদের সঙ্গে তাঁর এই ব্যাটিং কৌশল নিয়ে কথা বলেছেন, ‘তিন-চার দিন আগে রাহুল ভাইয়ের সঙ্গেও কথা বলছিলাম। যখন আমরা প্রথমে ব্যাটিং করব, ৭ থেকে ১৫ ওভারে মধ্যে কীভাবে আমার স্ট্রাইক রেটটা বাড়ানো যায়, তা নিয়ে কথা বলেছি। আমরা বিভিন্নভাবেই খেলতে পারি, কিন্তু আমি পরিস্থিতি অনুযায়ী ও দলের চাহিদা অনুযায়ী খেলতে চাই।’