রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান
রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান

হানড্রেডের নিলামের আগেই বাদ পড়লেন বাংলাদেশের ২১ জন

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’–এর এবারের নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ২৩ ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছে মাত্র দুজনের। ১১ ও ১২ মার্চ লন্ডনে বসছে এই নিলাম।

সেখানে বাংলাদেশের হয়ে থাকছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটার দ্য হানড্রেড–এ খেলেননি।

মোস্তাফিজের ভিত্তিমূল্য এক লাখ পাউন্ড—এটি সর্বোচ্চ ক্যাটাগরি। রিশাদের ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। স্পিনারদের টায়ার ওয়ানে আছেন তিনি।

প্রায় ১,০০০ ক্রিকেটার নিলামে অংশ নিতে নাম লিখিয়েছিলেন। তবে প্রাথমিক তালিকা থেকে নামিয়ে আনা হয়েছে ৪২৫ জনে। এর মধ্যে পুরুষ ক্রিকেটার ২৪৭ জন, নারী ক্রিকেটার ১৭৮ জন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি থেকে পাঠানো ৭৫ থেকে ১০০ জনের তালিকার ভিত্তিতেই বড় তালিকা ছোট করা হয়েছে।

পাকিস্তান ওপেনার সাহিবজাদা ফারহান

এই ছোট তালিকায় জায়গা পাননি টি-টুয়েন্টি বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। ৪২৫ জন খেলোয়াড়ের এই তালিকায় পাকিস্তানের ১৬ জন ক্রিকেটারের নাম থাকলেও সেখানে নেই এই ২৯ বছর বয়সী তারকার নাম।

সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে ফারহান করেছেন দুর্দান্ত একটি সেঞ্চুরি। তার আগে গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি। টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে দুটি সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন তিনি।

নিলামের আগে ফারহান আশাবাদী ছিলেন এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে। তিনি বলেছিলেন, ‘সবাই সেরা লিগগুলোতে খেলতে চায়। দ্য হানড্রেড সেরাদের একটি। আশা করি ভালো কিছু হবে।’

পাকিস্তান থেকে এই তালিকায় আছেন ১৪ জন পুরুষ ক্রিকেটার, নারী ২ জন। মারকিউ তালিকায় জায়গা পেয়েছেন হারিস রউফ, যিনি বিশ্বকাপ দলে ছিলেনই না। এ ছাড়া শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও উসমান তারিকও আছেন সংক্ষিপ্ত তালিকায়।

নিলামের চূড়ান্ত তালিকায় বাদ পড়া বাংলাদেশের ক্রিকেটাররা

নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন , নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান, সৌম্য সরকার।