
‘বাংলাদেশ দলের কেউ ৫০-৬০ রানের ইনিংস খেলার সামর্থ্য রাখে?’—দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বড় হারের পর বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সের দিকে ছুটে গেল প্রশ্নটা।
প্রশ্নটা শুনে সিডন্সের মুখ থেকে হাসি বেরিয়ে এসেছে। দিনটা বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতার হলেও এমন কিছু শোনার জন্য হয়তো প্রস্তুত ছিলেন না সিডন্স।
বাংলাদেশ দলের ব্যাটিং কোচের মুখ থেকে প্রথমেই লিটন দাসের নামটা বেরিয়ে এল। টি-টোয়েন্টি ক্রিকেটে এ বছর বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক লিটনই। সে জন্যই হয়তো লিটনের নামটা প্রথমেই মাথায় এসেছে তাঁর।
এরপর তিনি যোগ করেন, ‘লিটন সহজেই করতে পারে। আমাদের টপ সিক্সের সবাই ৬০-৭০ রানের ইনিংস খেলতে পারে। একটু স্মার্ট হতে হবে।’ উত্তরটা শেষ হতে না হতেই আরও একটি তির্যক প্রশ্নের বাণ ছুটে যায় সিডন্সের দিকে, ‘এই দলের কারও সেঞ্চুরি করার সামর্থ্য আছে?’ এবার সিডন্সের উত্তর, ‘টপ ফোরের সবাই পারবে (সেঞ্চুরি করতে)।’
সিডন্সের উত্তরটা অবশ্য সবার জন্য প্রযোজ্য। ২০ ওভারের খেলায় সেঞ্চুরি সাধারণত টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাট থেকেই আসে। কঠিন প্রশ্নের মুখে সিডন্স নিরাপদ উত্তরটাই বেছে নিয়েছেন, ‘সাকিব, লিটন, সৌম্য, শান্ত…সৌম্য আজ দুটি শট দারুণ খেলেছে। ওদের স্মার্ট হতে হবে। লম্বা সময় ব্যাটিং করতে হবে। এই মুহূর্তে ওরা দ্রুত রান তুলছে ঠিকই, কিন্তু আউটও হচ্ছে। এটা ঠিক করতে হবে।’
বাংলাদেশ দলের হয়ে একমাত্র টি-টোয়েন্টি সেঞ্চুরিটি এসেছে তামিম ইকবালের ব্যাট থেকে। ২০১৬ বিশ্বকাপের প্রথম রাউন্ডে ওমানের বিপক্ষে তামিম অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেছিলেন। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটিও তামিমের। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৮৮ রান করেন বাংলাদেশের ওপেনার।