শেষ বেলায় প্রতিরোধ গড়েছেন ম্যাট রেনশ ও প্যাট কামিন্স
শেষ বেলায় প্রতিরোধ গড়েছেন ম্যাট রেনশ ও প্যাট কামিন্স

ডারবান টেস্ট

শুরুর ব্যর্থতার পর শেষ বেলায় ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া

২০১৮ সালের স্যান্ডপেপার কাণ্ডের পর এবারই প্রথম দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে গেছে অস্ট্রেলিয়া। তিন টেস্টের সিরিজ নিয়ে তাই বাড়তি একটা আগ্রহ আছে। তবে গতকাল ডারবানে সেই ম্যাচের প্রথম দিনে খেলা হতে পারল মাত্র ৬৫.২ ওভার। আলোকস্বল্পতায় আগেভাগে শেষ হওয়া প্রথম দিনটায় আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার দিনটা আরও খারাপ হতে পারত। ১২৪ রানে ৬ উইকেট হারানোর পর আর বিপদ বাড়তে দেননি ম্যাট রেনশ ও অধিনায়ক প্যাট কামিন্স।

দিনের শুরুতে সবাইকে চমকে দিয়ে ১০ বছর পর টেস্টে ফেরা নিক ম্যাডিনসনকে ওপেনিংয়ে পাঠিয়ে দেয় অস্ট্রেলিয়া। মাঝে ক্যানসারের সঙ্গে লড়াই করে জয়ী হওয়া ম্যাডিনসন প্রত্যাবর্তনের ম্যাচে পড়ে যান বড় পরীক্ষায়। ৩৩ বল খেলেও তিনি রানের খাতা খুলতে পারেননি— ওপেনারদের ভেতরে তাঁর চেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউটের ঘটনা আছে মাত্র দুটি।

১৯৯৫ সালে ডানেডিন টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ বল খেলে শূন্য রানে আউট হন নিউজিল্যান্ডের ড্যারিন মারে। পাঁচ বছর পর কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বল খেলে শূন্য রানে আউট হন জিম্বাবুয়ে ওপেনার ট্রেভর গ্রিপার।

অস্ট্রেলিয়ার আরেক ওপেনার ট্রাভিস হেড ৯ রানে আউট হন। মারনাস লাবুশেন ৩৭ আর স্টিভেন স্মিথ আউট হন ২৫ রানে। ২টি করে উইকেট নেন তিন দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার ও আনরিখ নর্কিয়া।

বাংলাদেশের বিপক্ষে ঠিক আগের টেস্টে ওপেনিং করা রেনশ গতকাল নেমেছেন পাঁচ নম্বরে। দিন শেষে ৪৬ রান করে অপরাজিত তিনি, তাঁর সঙ্গী কামিন্স আজ দিন শুরু করবেন ৩৩ রানে।