বাংলাদেশ: ৩৩ ওভারে ৩ উইকেটে ১৫৭ রান।
ওয়ানডেতে ১৯ ইনিংস পর ফিফটি পেলেন লিটন। আজকের আগে সর্বশেষ ফিফটি পেয়েছিলেন ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে।
স্পিনার ফক্সক্রফটের করা ৩৩ তম ওভারের প্রথম বলে এক রান নিয়ে ওয়ানডেতে নিজের ১৩ তম ফিফটি তুলে নেন লিটন। ২টি চারে ৭১ বলে ফিফটি পেলেন।
নাজমুল ৮১ ও লিটন ৫২ রানে অপরাজিত। দুজনেরই সেঞ্চুরির সুযোগ আছে। চতুর্থ উইকেটে দুজনে ১২৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন।
বাংলাদেশ: ৩০ ওভারে ৩ উইকেটে ১৩৫ রান।
বিপর্যয় কাটিয়ে বেশ ভালো ব্যাট করছেন লিটন ও নাজমুল। চতুর্থ উইকেটে ১২৯ বলে ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। এই জুটিতে লিটনের অবদান ৪৫, নাজমুলের ৫৬।
নাজমুল ৬৬ ও লিটন ৪৫ রানে অপরাজিত।
বাংলাদেশ: ২৬ ওভারে ৩ উইকেটে ১০৭ রান।
দ্বিতীয় ওয়ানডেতে ৫০ রানে অপরাজিত থাকার পর ক্রাম্পের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন নাজমুল। সেটি ছিল এই সংস্করণে ১৩ ইনিংস পর তাঁর প্রথম ফিফটি। আজও ফিফটির দেখা পেলেন নাজমুল। ২৬তম ওভারের তৃতীয় বলে ফিফটি তুলে নেন, খেললেন ৭০ বল। ওয়ানডেতে এটা তাঁর ১২ তম ফিফটি।
নাজমুল ৫১ ও লিটন ৩২রানে অপরাজিত। চতুর্থ উইকেটে দুজনে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন।
বাংলাদেশ: ২০ ওভারে ৩ উইকেটে ৮৪ রান।
চতুর্থ উইকেটে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন লিটন ও নাজমুল। এই জুটিতে লিটনের অবদান ২৩, নাজমুলের ২৭। তবে আরও বহুদূর যেতে হবে তাঁদের।
নাজমুল ৩৭ ও লিটন ২৩ রানে অপরাজিত।
বাংলাদেশ: ১৪ ওভারে ৩ উইকেটে ৫৭।
প্রথম ওয়ানডেতে ২৪৭ রান তাড়ায় ৮.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও পরে ব্যাট করে ৭ ওভারে ২ উইকেটে ৫০ রান তোলে স্বাগতিকরা। দুটি ম্যাচই হয়েছিল ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে। কিন্তু আজ চট্টগ্রামে তৃতীয় ম্যাচে ১৩.৩ ওভারে দলীয় ৫০ রান তুলতে বাংলাদেশ হারিয়েছে ৩ উইকেট।
ইনিংসে এখন পর্যন্ত ছক্কা ১টি, চার ৫টি। অর্থাৎ এই ৫০ রানের মধ্যে ২৬ রানই এসেছে বাউন্ডারি থেকে। ‘এক্সট্রা’ থেকে এসেছে আরও ৪ চার। বাকি ২০ রান দৌড়ে নিয়েছেন ব্যাটসম্যানরা।
ইনিংসে এ পর্যন্ত একমাত্র ছক্কাটি ১৪ তম ওভারে মারেন নাজমুল, ফাইন লেগ দিয়ে।
নাজমুল ২৩ ও লিটন ১১ রানে অপরাজিত।
বাংলাদেশ: ৯ ওভারে ৩ উইকেটে ৩২।
দুটি দারুণ চার ও ভালো ব্যাটিংয়ের বড় ইনিংসের সম্ভাবনা তৈরি করেছিলেন সৌম্য। কিন্তু তানজিদের মতোই প্লেড অন হয়ে ফিরলেন। ৯ম ওভারে ও’রুর্কের তৃতীয় বলটি একটু উঠেছিল। ব্যাটটি একটু ক্রস করে নিচে খেলতে গিয়ে বল স্টাম্পে টেনে নেন সৌম্য। বোল্ড! ২৬ বলে ১৮ রানে ফিরলেন।
পাঁচে নেমেছেন লিটন দাস। নাজমুল অন্য প্রান্তে ১০ রানে অপরাজিত।
ও’রুর্ক তাঁর ৫ ওভারে ১৬ রানে ৩ উইকেট নিলেন।
বাংলাদেশ: ৫ ওভারে ২ উইকেটে ১৩ রান।
নিউজিল্যান্ডের দুই পেসার ও’রুর্ক ও নাথান স্মিথ মিলে প্রথম ৫ ওভারে দারুণ বোলিং করলেন। ও’রুর্ক ৩ ওভারে ৮ রানে ১ মেডেনসহ ২ উইকেট নিয়েছেন। স্মিথ ২ ওভারে দিয়েছেন ৫ রান।
নাজমুল ৭ বলে শূন্য ও সৌম্য ১০ বলে ৭ রানে অপরাজিত।
বাংলাদেশ: ৩ ওভারে ২ উইকেটে ৯ রান।
তৃতীয় ওভারে ও’রুর্কের প্রথম বলটি অফ স্টাম্পের একটু বাইরে খাটো লেংথের ছিল। তানজিদ একটু ওপরে উঠে খেলতে গিয়ে ব্যাটে ঠিকমতো পাননি। বল ব্যাটে লেগে স্টাম্প ভেঙে দেয়। বোল্ড। ওভারটি উইকেট মেডেন নিয়েছেন ও’রুর্ক।
৫ বলে ১রানে ফিরলেন তানজিদ। চারে নেমেছেন নাজমুল হোসেন।
১৪ বলের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
বাংলাদেশ: ১ ওভারে ১ উইকেটে ৫ রান।
বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় বলেই উইকেটকিপার টম ল্যাথামকে ক্যাচ দিয়ে ফিরলেন ওপেনার সাইফ হাসান। ২ বল খেলে শূন্য রানে আউট হন।
৫৭, ৮ ও ০—সিরিজে তিন ম্যাচে সাইফের স্কোর।
তিনে নেমেছেন সৌম্য সরকার। কিউই পেসার উইলিয়াম ও’রুর্কের পঞ্চম বলে দারুণ কাভার ড্রাইভে চার মারেন সৌম্য।
হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার।
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন আজকের ম্যাচে নেই। চোট কাটিয়ে দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান এবং সুযোগ পেয়েছেন স্পিনার তানভীর ইসলামও।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, দুই দলের ক্রিকেটাররা ওয়ার্ম আপ শুরু করেছেন বেশ আগেই। চট্টগ্রামের আকাশ রোদ ঝলমলে ও পরিস্কার। গরমও আছে অনেক। গ্যালারি প্রায় দর্শকশূন্যই। ছড়িয়ে ছিটিয়ে পুরো গ্যালারিতে শ তিনেক দর্শকও নেই। তবে বেলা গড়ালে হয়তো বাড়তে পারে দর্শকের সংখ্যা।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ঢাকায় শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ম্যাচেও টসে জিতেছে নিউজিল্যান্ড। অর্থাৎ টস জয়ের ‘হ্যাটট্রিক’ করে ফেলল সফরকারি দল। আগের দুই ম্যাচে টসে জিতে ব্যাটিং করেছে নিউজিল্যান্ড।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ওয়ানডেতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। সিরিজে আপাতত ১–১ ব্যবধানে সমতায় দুই দল। ঢাকায় প্রথম ওয়ানডেতে ২৬ রানে জেতে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জেতে ৬ উইকেটে।
অর্থাৎ, আজকের ম্যাচটি দুই দলের জন্যই সিরিজ জয়ের সুযোগ। বাংলাদেশ দল সুযোগটি কাজে লাগাতে তাকিয়ে পেসারদের দিকে। কেন? ক্লিক করুন নিচের লিংকে।
সিরিজ জয়ের ম্যাচেও পেসারদের দিকে তাকিয়ে বাংলাদেশ
নিউজিল্যান্ডের এক ক্রিকেটারের পছন্দের তালিকায় আছেন বাংলাদেশের এক বাঁহাতি স্পিনার। তিনি কে? জানতে ক্লিক করুন এই লিংকে—গলফ কোর্সের ঘাস কাটতে কাটতে ক্রিকেটে লেনক্স