
দক্ষিণ আফ্রিকার উইকেট সব ব্যাটসম্যানের জন্যই কঠিন। উপমহাদেশ থেকে সেখানে যে দলের ব্যাটসম্যানদের গড় সবচেয়ে ভালো, সেই ভারতেরও ২৩.২৭। গতি-বাউন্স মিলিয়ে উইকেটে টিকে থাকাটাই কঠিন হয়ে যায়। এখন তো তা আরও কঠিন। কারণ, দক্ষিণ আফ্রিকার ভয়ংকর বোলিং আক্রমণ। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেনের সঙ্গে পেস বিভাগে আছেন উইয়ান মুল্ডার আর এনরিখ নর্কিয়া। তাদের যদি কোনোভাবে সামলেও নেওয়া যায়, তারপর স্পিনার হিসেবে আসেন সাইমন হারমার কিংবা কেশব মহারেজ।
এবারের সফরে বাংলাদেশের ব্যাটসম্যানদের ওপর তাই খুব বড় কোনো প্রত্যাশা ছিল না। দুই টেস্টেই বাজেভাবে হেরে তারা বাস্তবতা উপলব্ধি করেছেন আরও একবার। কিন্তু টেস্ট ব্যাটিংয়ের সহজ একটি শর্ত পুরো সিরিজে তারা মানতে পারেননি একেবারেই। দক্ষিণ আফ্রিকায় গেলে যে শর্ত জোরাল হয়ে যায় আরও—কোন বলটা ছাড়তে হবে আর কোনটা বলটা খেলতে হবে, তা ঠিকঠাক বোঝা।
দুই টেস্ট মিলিয়ে যে ৮ দিন খেলা হয়েছে, প্রায় প্রতিদিনই কথাটা বলে গেছেন ধারাভাষ্যকক্ষে বসে থাকা দক্ষিণ আফ্রিকার সাবেকেরা। বাংলাদেশের ব্যাটসম্যানরা সে বিচারটাই ঠিকঠাক করতে পারেননি। বাউন্স, গতি, সবুজ উইকেট—এসব তো ছিলই, বাংলাদেশের ব্যাটসম্যানদের ভালো করতে না পারার দায় তাই এসে পড়েছে তাঁদের নিজেদের কাঁধেও।
গতকালও সেঞ্চুরিয়নে ইনিংস ব্যবধানে হারের দিনে ছেড়ে দেওয়া যায়, এমন বলে ব্যাট চালিয়ে আউট হন তানজিদ হাসান, মুমিনুল হক আর তাওহিদ হৃদয়। আরেক ওপেনার মাহফিজুল ছাড়বেন নাকি খেলবেন, এই দ্বিধায় থাকতে থাকতে কোনো শট না খেলেই এলবিডব্লু হন। এমন দৃশ্য দুই টেস্টে বাংলাদেশের চার ইনিংসেই খুব পরিচিত হয়ে উঠেছিল।
ব্যাটসম্যানদের শট বাছাইয়ে ভুল নিয়ে সেঞ্চুরিয়নে হারের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুলের হোসেনের মন্তব্য জানতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এক সাংবাদিক। উত্তর শুনে মনে হলো, নাজমুল কিছুতেই দ্বিমত করবেন না বলে ঠিক করে এসেছিলেন অথবা তিনি নিজেও একই ভুল বারবার দেখে বিরক্ত। সেই প্রশ্নে তিনি দায় স্বীকার করলেন অবলীলায়, ‘হ্যাঁ, এটা হতাশাজনক। আপনি যেমন বললেন, অফ স্টাম্পের বাইরে অনেক বল খেলতে গিয়ে আমরা ব্যাটের কানায় লাগিয়ে ফেলেছি (এটা ঠিক হয়নি)। এই কন্ডিশনে ব্যাটিং করাটা আসলে কঠিন।’
প্রতিপক্ষের বোলাররা যখন চাপ তৈরি করেছেন, তখন সেই চাপ সামলে খেলার বদলে ব্যাটসম্যানরাই উইকেট দিয়ে এসেছেন। প্রথম টেস্টে তাওহিদ হৃদয় ও লিটন দাসের ২০৬ রানের জুটি বাদ দিলে পরিস্থিতির দাবি তাদের খুব একটা মাথায় থাকেনি।
ব্যাটসম্যানদের দিয়ে আলোচনাটা শুরু হয়েছে, তাদের ব্যর্থতার ভারটা একটু বেশি বলেই। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ কিংবা সেঞ্চুরিয়ন—কোথাওই ফিল্ডিং কিংবা বোলিংয়েও বাংলাদেশ ভালো করতে পারেনি। একের পর এক ক্যাচ মিস তো হয়েছেই; যে বোলারদের নিয়ে এত আলোচনা, তারাই–বা কতটা প্রত্যাশা মেটাতে পেরেছেন?
হাসান মাহমুদকে এক পাশে সরিয়ে রাখলে উত্তরটা সহজ—একদমই পারেননি। ভালো বোলিং যে তাঁরা একদমই করতে পারেননি, তা নয়। কিন্তু ধারাবাহিকতা ছিল না। টানা ভালো জায়গায় বল করে ব্যাটসম্যানদের চাপে রাখতে পারেননি। নির্দিষ্ট ব্যাটসম্যানের বিপক্ষে পরিকল্পনা করে তাঁকে আউট করার যে ফাঁদ, খুব একটা সাফল্য দেখাতে পারেননি সেই চেষ্টায়ও। দুই টেস্টেই দেড় শ রান করা মার্কেস অ্যাকারম্যান যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন, তাঁকে থামানোর কোনো পথই তাঁরা বের করতে পারেননি।
দ্বিতীয় টেস্টে হাসানকে ছাড়া বোলিং বিভাগ তো আরও বিবর্ণ হয়ে এসেছিল। চার পেসারের একাদশ সাজিয়েও সবচেয়ে বেশি ওভার বল করতে হয়েছে অনিয়মিত স্পিনার মুমিনুল হককে। এমনকি টেস্টে এই ম্যাচেই প্রথমবার বল হাতে নিতে হয়েছে তাওহিদ হৃদয় আর কখনো উইকেট না পাওয়া নাজমুলসহ হোসেনকেও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে অবিশ্বাস্য জয়ের পর টানা ৬ টেস্টে জয়হীন বাংলাদেশ; সব কটিতেই পরিকল্পনার ঘাটতি চোখে পড়ার মতো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগেও বাংলাদেশ অনুশীলনের সুযোগ পেয়েছে কেবল ৩ দিন; ও রকম বিরুদ্ধ কন্ডিশনে এত অল্প প্রস্তুতিতে টেস্ট খেলতে নেমে যাওয়াটা যে আদর্শ কিছু নয়; তা দেশ ছাড়ার আগেই বলে গিয়েছিলেন অধিনায়ক। সিরিজ শেষ হওয়ার পর কালও তিনি একই কথা বলেছেন।
অধিনায়কের নিজের পারফরম্যান্স এবং নেতৃত্ব নিয়েও সমালোচনা আছে। প্রথম টেস্টে আটজন ব্যাটসম্যানের একাদশে বাংলাদেশ খেলতে নেমেছিল চার বোলার নিয়ে। অন্য দুই পেসারের বিবর্ণ পারফরম্যান্সের ঘাটতি মেটাতে টানা বোলিং করে যাওয়া দলের মূল পেসার হাসান মাহমুদ চোট নিয়ে পরের টেস্টের আগেই ফিরে এসেছেন দেশে। দ্বিতীয় টেস্টেও চার বোলার নিয়ে নামতে গিয়ে বসিয়ে রাখা হয় সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজের। তাঁর পারফরম্যান্স খুব ভালো ছিল তেমন নয়; কিন্তু টেস্ট দলে তিনি গত কয়েক বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাঁকে হুট করে একাদশে বাইরে রাখার সিদ্ধান্তটা ঠিক হয়েছে কি না, সেই প্রশ্ন আরও উসকে দিয়েছে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে তিন অনিয়মিত স্পিনার মুমিনুল-হৃদয় ও অধিনায়ক নিজে ৩৬ ওভার করে ফেলায়।
এসব অবশ্য আপাতত পেছনেই ফেলে রাখতে হচ্ছে বাংলাদেশকে। আর দিন পাঁচেক পর টেস্ট দলে থাকা ১০ ক্রিকেটারকে নামতে হবে ওয়ানডে খেলতে। টেস্টে বাংলাদেশের পরের মিশন আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট। তার আগেই সাদা পোশাকের ক্রিকেটে তাঁদের অনেক কিছুই ভাবতে হবে নতুন করে।