আরব আমিরাতের বিপক্ষে দারুণ বল করেন মেহেদী হাসান মিরাজ। উইকেট নেওয়ার পর
আরব আমিরাতের বিপক্ষে দারুণ বল করেন মেহেদী হাসান মিরাজ। উইকেট নেওয়ার পর

চাপের মধ্যে জিতে স্বস্তি মিরাজের

টি-টোয়েন্টি ক্রিকেটে সম্প্রতি বেশ কিছু ম্যাচ জিততে জিততে হেরেছে বাংলাদেশ। কদিন আগেই সংযুক্ত আরব আমিরাতে হয়ে যাওয়া এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের খেলা দুটি ম্যাচের স্মৃতি এখনো তরতাজা। শারজায় আফগানিস্তান ও দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চাপ সামলাতে পারলে ফল হয়তো বাংলাদেশের পক্ষেও যেতে পারত।

কাল রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ ওভারে ম্যাচ জেতার পর সেই আলোচনা আবারও ফিরে এল। বাংলাদেশ নিজের ভুলেই আমিরাতের বিপক্ষে ম্যাচটিকে কঠিন করেছে। এরপর শেষ ওভারে এসে জিতেছে ৭ রানের ব্যবধানে। দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অবশ্য ম্যাচটি শেষ ওভারে জেতার জন্যই বাড়তি গুরুত্ব দিচ্ছেন।

আজ বিসিবির এক ভিডিও বার্তায় তিনি বলছিলেন, ‘আমাদের একটা ম্যাচ জেতা দরকার ছিল। সেটা আমরা গতকাল জিতেছি। দলের মধ্যে উন্নতির ধারা ছিল। কোচরা আমাদের পারফরম্যান্সের প্রশংসা করেছে। আফিফ খুব ভালো ব্যাটিং করেছে। সোহান ভাই ভালো করেছে। আমাদের চাপের মুখে ক্লোজ ম্যাচ জেতা দরকার ছিল।’

ব্যাটে রান পাননি মিরাজ

এই অলরাউন্ডার আরও যুক্তি দেন, ‘কারণ শেষ কিছু ম্যাচে আমরা জয়ের খুব কাছাকাছি এসে হেরেছি। জিততে জিততে হেরেছি। কালকেও একই রকম অবস্থা ছিল। কিন্তু আমাদের বোলাররা খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। সবার মধ্যে আত্মবিশ্বাসও ছিল। যেটা বিশ্বকাপে কাজে লাগবে।’

তবে ম্যাচটা যে বাংলাদেশ শতভাগ নির্ভুলভাবে খেলেছে, তা কিন্তু নয়। টপ অর্ডার নিয়ে যে দুশ্চিন্তা ছিল, সেটি গতকাল আরও প্রকট হয়। মোস্তাফিজুর রহমান এখনো বোলিং ছন্দ খুঁজছেন। চোট থেকে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসির আলীকে দেখে মনে হয়নি তাঁরা সেরা ছন্দে আছেন। আর ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তা তো আছেই।

মিরাজ অবশ্য আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আরও পরিপাটি পারফরম্যান্সের আশা দেখালেন। তাঁর কথা, ‘আমরা এখানে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবে নেওয়ার জন্য এসেছি। সে জন্য এখানে দু-তিন দিন ধরে অনুশীলন করেছি, একটা ম্যাচ খেলেছি। আমরা যে ছোট ছোট ভুলগুলো করছিলাম, সেটা যেন কমে আসে, সেই চেষ্টাই করছি। সামনের ম্যাচেও সে চেষ্টা থাকবে।’

দ্বিতীয় ম্যাচে আরও ভালো করার প্রতিশ্রুতি দিলেন মিরাজ

নিজের ব্যাটিং নিয়েও কথা বলেছেন মিরাজ। ইনিংস উদ্বোধনে নেমে দ্রুত কিছু রান যোগ করার দায়িত্বটাই ভালোভাবে পালনের চেষ্টায় আছেন মিরাজ, ‘টিম ম্যানেজমেন্ট আমাকে একটা দায়িত্ব দিয়েছে। আমি চেষ্টা করছি সেখানে ভালো করার। আমার অবদানটা এখানে গুরুত্বপূর্ণ। ওপেনার হিসেবে আমার কাছে হয়তো অনেক বড় রান আশা করা হয় না। আমি যদি ছোট ছোট ইমপ্যাক্ট ইনিংস খেলতে পারি, তাহলে দলের জন্য ভালো হবে। সেভাবেই নিজেকে তৈরি করছি।’