প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ক্লাব ক্রিকেটে সংকট: ছেলেদের পর এবার নারী লিগ ঘিরেও অনিশ্চয়তা

গত কয়েক মাসে বাংলাদেশ ক্রিকেট নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে। তবু অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি, বিসিএল ওয়ানডের মতো টুর্নামেন্ট আয়োজন করে মাঠে খেলা রাখার চেষ্টা করে গেছে বিসিবি। দিন কয়েক পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরছে বাংলাদেশ দল।

এপ্রিলের শুরুতে নারী ক্রিকেটারদের জন্য প্রথমবারের মতো হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ডব্লুবিপিএলও। তবে বোর্ড আয়োজিত টুর্নামেন্টগুলো ঠিকঠাক চললেও হোঁচট খাচ্ছে ক্লাব ক্রিকেট।

বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে ৪৫টি ক্লাবের বয়কট কর্মসূচির কারণে প্রথম বিভাগে ২০টির মধ্যে মাত্র ১২টি এবং দ্বিতীয় বিভাগে ২৪টির মধ্যে ১২টি ক্লাব নিয়ে লিগে খেলেনি। অনিশ্চিত হয়ে আছে ঢাকা প্রিমিয়ার লিগও।

ছেলেদের পর এবার নারীদের প্রিমিয়ার লিগ আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবির পরিচালনা পর্ষদের বিরোধিতায় ক্লাবগুলোর বয়কটের পুরোনো সংকট তো আছেই, সঙ্গে যোগ হয়েছে তিনটি ক্লাবের জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া প্রিমিয়ার লিগে খেলতে রাজি না হওয়া।

গত ২ মার্চ মেয়েদের লিগের ৯ ক্লাবকে ডেকেছিল বিসিবি, সেখানে ৬টি ক্লাব অংশ নেয়। ওই বৈঠকে বিসিবির পক্ষ থেকে ক্লাবগুলোকে জানানো হয়, জুনে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার কারণে জাতীয় দলের ক্রিকেটাররা এবার প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না।

তখনই তিনটি ক্লাব জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া খেলবে না বলে বিসিবিকে জানায়। বৃহস্পতিবারের মধ্যে লিখিতভাবে তাদের অবস্থান জানাতে ক্লাবগুলোকে বিসিবি সময় দিলেও তারা অবস্থান বদলায়নি। এর মধ্যে আছে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীও।

ক্লাবটির ক্রিকেট সেক্রেটারি হাসান তামিম প্রথম আলোকে বলেন, ‘মেয়েদের ক্রিকেটে পরিসর খুব ছোট। এর মধ্যে যদি জাতীয় দলের ক্রিকেটাররাও না থাকে, তাহলে লিগে কোনো প্রতিদ্বন্দ্বীতাই হবে না।’

শেষ পর্যন্ত লিগ না হলে তা মেয়েদের ক্রিকেটের জন্য বড় ধাক্কা হবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। প্রথম আলোকে তিনি বলেন, ‘অনেক মেয়েরা সারা বছর ঢাকায় থেকে অনুশীলন করে। তাদের জন্য প্রিমিয়ার লিগটা খুব দরকার। কিন্তু বিসিবি তো অল্প কয়েকজনকে নিয়ে ভেবেই শেষ। তাদের কী হবে, তা নিয়ে কোনো ভাবনা নেই।’

এদিকে তিন দলের নারী বিপিএলের ঘোষণা দিলেও এখনো ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে পারেনি বিসিবি। ছেলেদের বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের স্বত্বাধিকার নাবিল গ্রুপ ও চট্টগ্রামের কন্টিন্টেন্টাল গ্রুপ দল নেওয়ার আগ্রহের কথা জানিয়েছে বিসিবিকে। আরেকটি ফ্র্যাঞ্চাইজি এখনো চূড়ান্ত করতে পারেনি বিসিবি। ৪ মার্চ ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ জানানোর শেষ সময় থাকলেও তা পরে ৮ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।