
প্রথম তিন দিনে দুই দলের প্রথম ইনিংসই শেষ হয়নি। শেষ দুই দিনে ফল হওয়া নিয়ে যাদের সংশয় ছিল, তাদের জন্য আগামীকাল রোমাঞ্চকর দিন অপেক্ষা করছে রাওয়ালপিন্ডিতে।
চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৫.৫ ওভার ব্যাট করে ফলের পথ তৈরি করে দিয়েছে ইংল্যান্ড। শেষ দিনে আগামীকাল জয়ের জন্য ২৬৩ রান তুলতে হবে পাকিস্তানকে। হাতে আছে ৮ উইকেট। ৪৩ রান করে অপরাজিত ইমাম-উল-হক, ২৪ রান করে সৌদ শাকিল।
চতুর্থ ইনিংসে পাকিস্তানের জয়ের লক্ষ্য ৩৪৩ রানের। এখন পর্যন্ত মাত্র একবার এর বেশি রান তাড়া করে জেতার কীর্তি আছে পাকিস্তানের। শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ইনিংসে ৩৭৭ রান তাড়া করার সেই ম্যাচটি ২০০৫ সালের। একই দলের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪২ রান তাড়া করার রেকর্ড ২০১২ সালের।
এবার ঘরের মাটিতে রান তাড়ায় শুরুতেই বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। চতুর্থ দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারেই আউট হন আবদুল্লাহ শফিক। প্রথম ইনিংসে ১১৪ রান করা এই ওপেনার ওলি রবিনসনের বলে ৬ রানে ক্যাচ দেন।
পরের ওভারেই প্রথম ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান বাবর আজমকে ফেরান বেন স্টোকস। মাঝে শফিকের আউটের পর নামা আজহার আলীও আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন। ২৫ রানের মধ্যে শীর্ষ তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান। তবে শেষ বিকেলে সেই বিপদ আর বাড়তে দেননি ইমাম ও শাকিল।
এর আগে প্রথম ইনিংসে ৭৮ রানের লিড পাওয়া ইংল্যান্ড ৭ উইকেটে ২৬৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। প্রথম দিনে ৭৫ ওভারে ৫০৬ রানের বিশ্ব রেকর্ড গড়া দলটি দ্বিতীয় ইনিংসেও ঝোড়ো ব্যাটিং করে। অন্তত ১০ বল খেলা সব ব্যাটসম্যানই স্ট্রাইক রেট রেখেছেন ১০০–এর ওপরে। এর মধ্যে পঞ্চাশের দেখা পেয়েছেন তিনজন।
জ্যাক ক্রলি ৪৮ বলে ৫০ ও জো রুট ৬৯ বলে ৭৩ রানের পর হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে ৬৫ বলে ৮৭ রান। নাসিম শাহর বলে ব্রুক আউট হতেই চা–বিরতির সময় ইনিংস ঘোষণা করেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস।