ম্যাচ জয়ের পর ইংল্যান্ডের খেলোয়াড়দের উচ্ছ্বাস
ম্যাচ জয়ের পর ইংল্যান্ডের খেলোয়াড়দের উচ্ছ্বাস

লর্ডসে ইনিংস হারের প্রতিশোধ ওল্ড ট্রাফোর্ডে নিলেন স্টোকসরা

প্রথম দিনের সকালটাই যেন ফিরে এল তৃতীয় দিন বিকেলে। ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে টানা দুই ওভারে ২ উইকেট নিয়েছিলেন বেন স্টোকস। ইংল্যান্ড অধিনায়ক নিয়েছিলেন প্রোটিয়াদের চতুর্থ ও পঞ্চম উইকেট। কাল তৃতীয় দিনের শেষ সেশনের শুরুতেই সেই স্টোকস দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসেও চতুর্থ ও পঞ্চম উইকেটটি নিলেন টানা দুই ওভারে।

স্টোকসের জোড়া আঘাতেই ইনিংস হার বাঁচাতে লড়া দক্ষিণ আফ্রিকার বিপদ আরও বেড়েছে। অথচ চা-বিরতির আগে রেসি ফন ডার ডুসেন ও কিগান পিটারসেনরা উইকেট কামড়ে পড়ে থেকে হতাশ করেছেন স্টোকসদের। তবে শেষ পর্যন্ত পারেননি, চা বিরতি থেকে ফেরার পর ২০ ওভারই টিকে থাকতে পেরেছে প্রোটিয়ারা। তৃতীয় দিনেই ম্যাচ হেরে গেছে তারা। লর্ডসে ইনিংস হারের প্রতিশোধ যেন ওল্ড ট্রাফোর্ডে নিলেন স্টোকসরা। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছেন তাঁরা ইনিংস ও ৮৫ রানে।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন

২৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা দক্ষিণ আফ্রিকা কাল বিনা উইকেটে ২৩ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল। আজ চতুর্থ দিনের চতুর্থ ওভারেই প্রথম উইকেট হারায় দলটি। প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার ভেবেছিলেন, জেমস অ্যান্ডারসনের করা বলটি অফ স্টাম্পের বাইরে দিয়ে যাবে। কিন্তু বল সোজা ঢুকে ভেঙে দেয় উইকেট।

পাঁচ ওভার পর সোরেল এরভিয়ার উইকেটকিপার বেন ফোকসের হাতে ক্যাচ দেন। এরপর ৫৪ রানে এইডেন মার্করামকে যখন ফেরালেন ব্রড, দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ৫৪। এই ব্রডই নো বল করায় ০ রানে বোল্ড হয়েও বেঁচে গিয়েছিলেন মার্করাম। এরপর ফন ডার ডুসেন ও পিটারসেন ৮৭ রানের জুটি গড়ে চা-বিরতিতে যান।

মাঠ ছেড়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হারমার

চা-বিরতি শেষে প্রথম ওভারের তৃতীয় বলেই ফন ডার ডুসেনকে উইকেটকিপারের ক্যাচ বানালেন স্টোকস। পরের ওভারেও স্টোকস-ফোকস জুটি ফেরালেন পিটারসেনকে। ১৫৯ বলে পিটারসেন করেছেন ৪২, ফন ডার ডুসেন ৪১ রান করেছেন ১৩২ বলে। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ফাস্ট বোলার ওলি রবিনসন। জেমস অ্যান্ডারসন পেয়েছেন ৩ উইকেট। প্রথম ইনিংসেও ৩ উইকেট নিয়েছেন তিনি।