পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি

সমালোচকদের একহাত নাকভির, আকরামকে দিলেন আলাদা সম্মান

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে সাত খেলোয়াড় ও দুই কোচকে সরিয়ে দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। সাবেক ক্রিকেটারদের অনেকে এই সিদ্ধান্তকে ‘আতঙ্কিত প্রতিক্রিয়া’, ‘অযৌক্তিক’ ও ‘পরিকল্পনাহীন’ বলেছেন। এবার সমালোচকদের পাল্টা জবাব দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তাঁর সোজা কথা, যারা কিছুই অর্জন করেননি তাদের সমালোচনায় তাঁর কিছু যায় আসে না।

লন্ডন থেকে জিও নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নাকভি বলেছেন, ইংল্যান্ড সফরে সিরিজের মাঝপথে নেওয়া ব্যাপক পরিবর্তনগুলো জরুরি ছিল। দলের পারফরম্যান্সের বাইরে আরও কিছু বিষয়ও তিনি খতিয়ে দেখছেন। তবে ক্রিকেটের বাইরের কোনো বিষয় নিয়ে এখন কথা বলার সময় হয়নি।

নাকভি বলেছেন, ‘সমালোচনাকে আমি কখনো ভয় পাইনি, ভবিষ্যতেও পাব না। কিন্তু যারা নিজেরা কিছুই অর্জন করতে পারেনি, তাদের সমালোচনায় আমার কিছু যায় আসে না।’

নাকভি অবশ্য কারও নাম নেননি। তবে তাঁর বক্তব্যের পেছনে সাম্প্রতিক কয়েক দিনের সমালোচনার ইঙ্গিত স্পষ্ট। ইংল্যান্ডের প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে এবং দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হেরেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর তৃতীয় টেস্টের আগেই দল থেকে সাত খেলোয়াড়কে ছেড়ে দেয় পিসিবি। প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও সরিয়ে দেওয়া হয়।

পিসিবির এ ধরনের সিদ্ধান্তের সমালোচনা করেন কয়েকজন সাবেক ক্রিকেটার। যেমন টেস্ট ম্যাচের জন্য টি-টুয়েন্টির খেলোয়াড়দের দলে নেওয়া এবং মাত্র পাঁচ টেস্টের পর প্রধান কোচ সরফরাজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে ‘সবচেয়ে বিস্ময়কর’ বলেছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

আরেক সাবেক অধিনায়ক রমিজ রাজা একে বলেছিলেন ‘প্যানিক বাটন’ চাপার মতো প্রতিক্রিয়া। পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারও সরাসরি বলেছেন, পিসিবির সিদ্ধান্ত ‘একেবারেই হাস্যকর’। তাঁর মতে, পাকিস্তান ক্রিকেটের এই অবস্থার অন্যতম কারণই হলো খেলোয়াড়, কোচ ও নির্বাচকদের ক্রমাগত বদলে ফেলা। সাবেক প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমও ইঙ্গিত করেছিলেন, পাকিস্তান ক্রিকেটে এখন ব্যবস্থার জায়গায় ‘সার্কাস’ চলছে।

নাকভি অবশ্য সবাইকে একই কাতারে রাখেননি। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের মতো কেউ সমালোচনা করলে তা গুরুত্বের সঙ্গে নেবেন বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ওয়াসিমের মতো বড় কেউ কিছু বললে তিনি তা গুরুত্ব দেবেন। তবে যাঁরা বলেন, তিনি পাকিস্তান ক্রিকেটে যথেষ্ট সময় দিচ্ছেন না, তাঁরা বাস্তব পরিস্থিতি জানেন না বলেই দাবি তাঁর।

নাকভির অভিযোগ, পাকিস্তান ক্রিকেট নিয়ে উদ্বেগ দেখানো অনেকের আসল সমস্যা ক্রিকেট নয়, ব্যক্তিগতভাবে তাঁকে নিয়ে, ‘যারা পাকিস্তান ক্রিকেট নিয়ে উদ্বেগ দেখায়, তাদের আসলে ক্রিকেট নিয়ে কোনো উদ্বেগ নেই। তাদের সমস্যা আমাকে নিয়ে।’
তিনি আরও বলেন, ‘আমার আসার পর থেকে যারা বলে ক্রিকেট ধ্বংস হয়ে গেছে, তারা আগে র‌্যাঙ্কিং কোথায় ছিল, সেটাও দেখুক।’