
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোমাঞ্চকর এক লড়াইয়ের পর হেরে গেছে পাকিস্তান। এই হারে বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তেও পৌঁছে গেছে বাবর আজমের দল। হারের পর দলের লড়াকু মনোভাব প্রশংসিত হলেও সমালোচনাও হচ্ছে অনেক।
এ স্পোর্টস নামে এক পাকিস্তানি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান ‘প্যাভিলিয়ন’–এ পাকিস্তানের হারের কারণ খোঁজার চেষ্টা করেছেন সাবেক চার অধিনায়ক ওয়াসিম আকরাম, মঈন খান, মিসবাহ-উল-হক ও শোয়েব মালিক। দল হারলে সমালোচনা হওয়া খুবই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন কিংবদন্তি আকরাম। এ সময় ম্যাচে বাবর আজমের বড় একটি ভুলকেও চিহ্নিত করেছেন বিশ্বকাপজয়ী এই ফাস্ট বোলার।
আলাপের শুরুতে ফাস্ট বোলারদের প্রশংসা করেছেন ‘সুলতান অব সুইং’খ্যাত আকরাম। তিনি বলেছেন, ‘পাকিস্তানি বোলাররা ভালো বল করেছে। হারিস দারুণ বল করেছে। ওয়াসিমকে ম্যাচে প্রভাব রাখতে দেখে ভালো লেগেছে। তার মধ্যে প্রতিভা আছে। সে ধারাবাহিকভাবে সুযোগ পায়নি। কিন্তু আজ তার বলে গতি ছিল এবং চেষ্টাও ভালো ছিল। শুরুতে বেশ ব্যাটসম্যানদের বেশ চাপে রেখেছিল।’
এরপর পাকিস্তানের হারের কারণ হিসেবে অধিনায়ক বাবরের বড় একটি ভুলকে চিহ্নিত করেন আকরাম। সেটি ছিল ৪৮তম ওভারে উসামা মিরকে বাদ দিয়ে মোহাম্মদ নেওয়াজকে বল করানো। সেই ভুল নিয়ে সাবেক এই অধিনায়কের মত এমন, ‘শেষ পর্যন্ত কিছু ভুল তো হয়েছে। এটা আমার মত। আর কোনো দল যখন ভালো করে না, তখন সেটা নিয়ে সমালোচনা করা খুবই স্বাভাবিক ব্যাপার। আমার মনে হয়, শেষ ওভারটা যে নেওয়াজকে দেওয়া হয়েছে, সেখানেই ঝামেলাটা হয়েছে। এখন আমরা সবাই নেওয়াজের ওপরই দায়টা দেব। কিন্তু ওই সময় উসামার দুই ওভার বাকি ছিল। কে আসলে ভালো বল করেছে? শেষের দিকের ব্যাটসম্যানদের নিজের রহস্যময় গুগলি এবং লেগ স্পিনে কে আসলে বিভ্রান্ত করতে পারত? হতে পারে আগের (উসামা) ৩-৪ ওভার তার ভালো হয়নি। কিন্তু সে ২ উইকেটও নিয়েছে ৪৫ রান দিয়ে।'
এই একটি ভুল ছাড়া বাবর ম্যাচে নেতৃত্ব ভালোই দিয়েছেন বলে মনে করছেন আকরাম, ‘সব মিলিয়ে বাকি ছিল ৩ ওভার। নেওয়াজের জায়গায় উসামা ওভারটা করতে পারত। এরপর নেওয়াজ করতে পারত। এটা ছাড়া বাকি অধিনায়কত্ব ভালোই হয়েছে। আপনি প্রধান বোলারদের বল করিয়ে দিয়েছেন, উইকেটও এসেছে। কিন্তু নেওয়াজের বিষয়টা আমি বুঝতে পারিনি। কেন সে ওখানে বল করতে এল। ওর আত্মবিশ্বাসের যথেষ্ট অভাব ছিল। আমার মনে হয়, এটা অনেক বড় ভুল। যখন খুব কম রান প্রয়োজন ছিল ওদের, আপনার প্রধান বোলারদের একজন, যে উইকেটও নিচ্ছিল, তাকে না আনা অধিনায়কের অনেক বড় ভুল।’