এবারের জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন আশরাফুল হাসান রিহাদ
এবারের জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন আশরাফুল হাসান রিহাদ

জাতীয় ক্রিকেট লিগ

অমিত, রিহাদ, রাব্বির সেঞ্চুরির দিনে বিপদে রাজশাহী

জাতীয় ক্রিকেট লিগে আজ ছিল ব্যাটসম্যানদের রাজত্ব। আজ সেঞ্চুরি পেয়েছেন সিলেটের অমিত হাসান, আশরাফুল হাসান রিহাদ এবং বরিশালের ফজলে রাব্বি। চতুর্থ রাউন্ডের তৃতীয় দিন শেষে হারের শঙ্কায় আছে শুধু রাজশাহী। ঢাকার বিপক্ষে ফলোঅন করা দলটিকে চোখ রাঙাছে ইনিংস হার।

রাজশাহীর ইনিংস হার এড়ানোর লড়াই

মৌসুমে প্রথম জয়ের সুবাস নিয়ে চতুর্থ রাউন্ডের তৃতীয় দিনটা শেষ করেছে ঢাকা বিভাগ। রাজশাহীতে দলটি পেয়ে যেতে পারে একটি বোনাস পয়েন্টও। স্বাগতিক রাজশাহী যে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায়।

ওপেনার মোহাম্মদ নাঈমের ২৮২ রানের ইনিংসে ভর করে ৫২১ করেছিল ঢাকা। ৬ উইকেটে ১০৩ রান নিয়ে দিন শুরু করা রাজশাহী আজ প্রথম ইনিংসে অলআউট ১৬২ রানে। ফলোঅন করতে নামা দলটি তৃতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ২১৫ রান তুলে। ঢাকার একমাত্র ইনিংসের চেয়ে এখনো ১৪৪ রানে পিছিয়ে দলটি।

রাজশাহী ভরসা হয়ে টিকে আছেন সাব্বির রহমান। জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান অপরাজিত ৬৪ রানে। প্রথম ইনিংসেও ফিফটি পেয়েছিলেন সাব্বির, করেছিলেন ৫৪ রান।

তিন সেঞ্চুরিতে রানের পাহাড়ে সিলেট

শেষ দিনে অতি নাটকীয় কিছু না হলে কক্সবাজারে নিশ্চিত ড্র হতে যাচ্ছে সিলেট–খুলনা ম্যাচ। বৃষ্টিতে প্রথম দিনের পুরোটা ভেসে যাওয়া ম্যাচের তৃতীয় দিন শেষেও শেষ হয়নি ম্যাচের প্রথম ইনিংস। সিলেট ৪ উইকেটে ৫৭৫ রান তোলার পর আলোকস্বল্পতায় শেষ হয়ে যায় দিনের খেলা। অমিত হাসান ১৭১ রানে এবং আশরাফুল হাসান রিহাদ ১০১ রানে অপরাজিত আছেন। এর আগে গতকাল ১৬০ রান করেছিলেন সিলেট অধিনায়ক জাকির হাসান।

অমিত হাসান পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দ্বাদশ সেঞ্চুরি

৫৪ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি পাওয়া অমিতের ২৯৬ বলের ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা। ৯ ম্যাচের ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া রিহাদ ২০০ বলের ইনিংসে মেরেছেন ১৩টি চার।

বগুড়াতেও রান–বন্যা

গতকাল মাহফিজুল ইসলাম রবিনের ডাবল সেঞ্চুরিতে ৪৬৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ময়মনসিংহ। বগুড়ায় চট্টগ্রামও করে ফেলেছে ৪ শর বেশি রান। তৃতীয় দিন শেষে দলটির স্কোর ৪২৪/৬।

৫ রানের জন্য সেঞ্চুরি পাননি শাহাদাত হোসেন

দলটির পাঁচ ব্যাটসম্যান ৫০ ছাড়ালেও সেঞ্চুরি পাননি কেউ। সর্বোচ্চ ৯৫ রান করেছেন বাংলাদেশের হয়ে ৬টি টেস্ট খেলা শাহাদাত হোসেন। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রান বাংলাদেশের টেস্ট দল থেকে বাদ পড়া ওপেনার মাহমুদুল হাসানের। এ ছাড়া ফিফটি পেয়েছেন তাসামুল হক (৬৩), সাব্বির শিকদার (৫৪) ও ইরফান শুক্কুর (৫৩)।

ফজলে রাব্বির সেঞ্চুরিতে বরিশালের ভালো দিন

অবশেষে প্রতিপক্ষের ওপর দাপট দেখানো একটা দিনের দেখা পেল প্রথম তিন ম্যাচেই হারা বরিশাল। সিলেট একাডেমি গ্রাউন্ডে রংপুরের বিপক্ষে ৯ উইকেটে ৪৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে দলটি। তাতে প্রথম ইনিংসে ৪১ রানের লিড পায় বরিশাল। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৫ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে রংপুর।

সেঞ্চুরি পেয়েছেন বরিশালের ব্যাটসম্যান ফজলে রাব্বি

৩ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন শুরু করে বরিশাল। ফজলে রাব্বি অপরাজিত ছিলেন ২৯ রানে। ১৩০ ম্যাচের অভিজ্ঞ এই ব্যাটসম্যান দ্বিতীয় সেশনে তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১১তম সেঞ্চুরি। ২০০ বলে ১২৪ রান করার পথে ১৫টি চার ও ৪টি ছক্কা মেরেছেন রাব্বি, ৪০ রানের মাথায় এই সংস্করণে ৭০০০ রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি।